ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এডিবি কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে প্রত্যয় নিয়ে কথা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীকে বেশ নির্ভার দেখা যায়। উৎফুল্ল অর্থমন্ত্রী বলেন, “পদ্মা সেতু হবেই হবে”।
মন্ত্রিসভা কমিটির বৈঠকের আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন পদ্মা সেতু প্রকল্পের অন্যতম অংশীদার এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হুয়ান মিরান্ডা। তিনিও সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু হবে।
অর্থমন্ত্রী বলেন, “আজ সকালে এডিবির সুখবর তো আপনারা পেয়েছেন। কাল জাইকারটাও পেয়ে যাবেন।”
পদ্মা প্রকল্পে এডিবি ও জাইকার ঋণচুক্তির বর্ধিত মেয়াদ ৩১ অগাস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবারই চুক্তির মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে সংস্থা দুটি।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফেরাতে আলোচনা চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমরা একটা ‘ডেলিকেট নেগোসিয়েশন’ করছি। এই রকম অবস্থায় আমি কথা বলতে চাচ্ছি না।
“তারপরও তো বলছি, এটা এক ধরনের টক শো হয়ে যাচ্ছে,” হাসতে হাসতে বলেন মুহিত।
বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতার উদ্যোগের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বুধবার অর্থমন্ত্রীর বিবৃতি প্রকাশের কথা থাকলেও তা হয়নি।
ওই বিবৃতি প্রকাশ কবে হবে- জানতে চাইলে মুহিত সকালেই ইঙ্গিত দিয়েছিলেন, রোববারের আগে তা হচ্ছে না।
“আমি নিজের আয়কর বিবরণী তৈরির কাজে ব্যস্ত। ছুটির দিনে আর কথা হবে না,” তখন বলেন তিনি।
পদ্মা প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পরদিনই এডিবি কর্মকর্তার সঙ্গে বৈঠক করলেন অর্থমন্ত্রী। এই প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে সরকারের চেষ্টাকে স্বাগত জানিয়ে তাতে সফলতা আশা করেন রাষ্ট্রদূত ড্যান মজিনা।
অর্থমন্ত্রীর সঙ্গে সকালে বৈঠকের পর হুয়ান মিরান্ডা সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু প্রকল্পে এডিবি এখনো আছে, থাকবে। পদ্মা সেতু হবে।
২৯০ কোটি ডলারে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে গত বছর বিশ্ব ব্যাংক, এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে সরকারের ঋণচুক্তি হলেও গত ২৯ জুন এই প্রকল্পে অর্থায়ন বাতিল করে বিশ্ব ব্যাংক।
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে বিশ্ব ব্যাংক ঋণচুক্তি বাতিলের পর থেকে তাদের ফেরানোর চেষ্টা চলছে।
পদ্মা প্রকল্প নিয়ে জটিলতার শুরু গত বছর সেপ্টেম্বরে। তখন দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। তা পালন হয়নি জানিয়ে অর্থায়ন বাতিল করে তারা।
তবে অর্থায়ন বাতিলের পর এই প্রকল্প নিয়ে অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইনও ছুটিতে যান।
ঈদের ছুটির পর গুঞ্জন শুরু হয়, পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান পদত্যাগ করছেন। তবে তা এখনো গুঞ্জনেই সীমাবদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এআরএইচ/এমআই/১৪৫৪ ঘ.
bdnews24