ঢাবি, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জিপিএ’র ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত নিলেও এর বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটে পরীক্ষা নিয়ে মেডিকেলে ভর্তির পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতা মাহাবুব-উল আলম হানিফ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় টিএসসিতে এক আলোচনা সভায় তিনি বলেছেন, “ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভর্তির স্বপ্ন নিয়ে আছে। আমি আশা করছি, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্টরা বাস্তবতা বিবেচনা করে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করবেন।”
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আলোচনা সভায় তিনি একথা বলেন। মেডিকেলে পরীক্ষা নেওয়ার দাবিতে একদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এতদিন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিতে পরীক্ষা হলেও এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ’র ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারের এ সিদ্ধান্তের পরপরই আন্দোলন শুরু করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ‘মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী মঞ্চ’ ব্যানারে গত সোমবার প্রধানমন্ত্রীকেও স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারীরা।
ঢাবি শিক্ষার্থীদের ভাংচুরের সমালোচনা
সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুতে শোক প্রকাশ করলেও এই ঘটনাকে কেন্দ্র করে ভাংচুরের সমালোচনা করেছেন হানিফ।
তিনি বলেন, “বাংলাদেশ জনবহুল দেশ হওয়ায় এমন দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু দুর্ঘটনাকে কেন্দ্র করে ধ্বংসলীলা চালানো ঠিক নয়।”
বাসচাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র তৌহিদুজ্জামান নিহত হওয়ার পর মঙ্গলবার রাতে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অর্ধশত গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ ছাত্ররা।
বর্তমানে দেশে আইন-শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি ভালো রয়েছে দাবি করেন সরকারি দলের এই নেতা বলেন, দেশের মানুষ তাদের সঙ্গেই রয়েছেন।
জনপ্রিয়তা না থাকায় বিএনপি গাজীপুরের উপ-নির্বাচনে অংশ নিচ্ছে না বলে দাবি করেন তিনি।
হানিফ বলেন, “আসলে দেশের মানুষ বিএনপির সঙ্গে নেই। মানুষ জানে পাঁচ বছরের জন্য তাদের ক্ষমতায় বসালে দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসে দেশ ছেয়ে যাবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, বর্তমান সভাপতি বদিউজ্জামান সোহাগ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24