ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংককে ফেরাতে সমঝোতা এখনো না হলেও পদ্মা সেতু হবে বলে দৃঢ় আশাবাদ প্রকাশ করেছেন প্রকল্পের অন্যতম অংশীদার এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হুয়ান মিরান্ডা।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু হবে।
একই কথা দুই বার উচ্চারণ করেন হুয়ান মিরান্ডা।
পদ্মা প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আশাবাদ প্রকাশের পরদিনই একথা বললেন এডিবি কর্মকর্তা। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে সরকারের চেষ্টাকে স্বাগত জানিয়ে তাতে সফলতা আশা করছেন ড্যান মজিনা।
গত জুন মাসে বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ঋণচুক্তি বাতিল করলেও প্রকল্পের অংশীদার এডিবি ও জাইকা তাদের ঋণচুক্তির মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ায়।
বিশ্ব ব্যাংককে ফেরাতে সরকারের পক্ষ থেকে চেষ্টা চললেও এখন পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। ফলে এডিবিকে চুক্তির মেয়াদ বাড়াতে বলার উদ্যোগ রয়েছে।
পদ্মা প্রকল্পে এডিবি থাকছে কি না- জানতে চাইলে হুয়ান মিরান্ডা বলেন, “এডিবি এখনো আছে, থাকবে। এই প্রকল্পের অন্যতম অংশীদার এডিবি।”
ঋণচুক্তির মেয়াদ বাড়ানো হবে কি না- জানতে চাইলে তিনি সরাসরি উত্তর এড়িয়ে বলেন, “পদ্মা সেতু হবে।”
দুই দিনের সফরে গত মঙ্গলবার রাতে ঢাকায় আসেন হুয়ান মিরান্ডা।
২৯০ কোটি ডলারে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। এডিবি ৬১ কোটি ডলার ঋণ দিতে চুক্তিবদ্ধ। বাকি অর্থের বেশিরভাগ দিচ্ছে আইডিবি ও জাইকা।
এডিবির ঋণচুক্তির মেয়াদ ৩১ অগাস্ট শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ বাড়াতে এডিবিকে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
এডিবি ও জাইকার চুক্তির মেয়াদ বাড়াতে অনুরোধ জানানো হবে কি না- জানতে চাইলে মুহিত বুধবার সাংবাদিকদের বলেছিলেন, “করতে পারি।”
বৃহস্পতিবার এডিবি কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর মুহিত সাংবাদিকদের বলেন, “আপনারা তো শুনেছেনই।”
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন পদ্মা প্রকল্পে ঋণচুক্তি বিশ্ব ব্যাংক বাতিলের পর থেকে তাদের ফেরানোর চেষ্টা চলছে।
সর্বশেষ পরিস্থিতি নিয়ে বুধবার অর্থমন্ত্রীর বিবৃতি প্রকাশের কথা থাকলেও তা হয়নি।
ওই বিবৃতি প্রকাশ কবে হবে- জানতে চাইলে মুহিত বৃহস্পতিবার ইঙ্গিত দেন, রোববারের আগে তা হচ্ছে না।
তিনি বলেন, “আমি নিজের আয়কর বিবরণী তৈরির কাজে ব্যস্ত। ছুটির দিনে আর কথা হবে না।”
পদ্মা প্রকল্প নিয়ে জটিলতার শুরু গত বছর সেপ্টেম্বরে। তখন দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। তা পালন হয়নি জানিয়ে গত জুনে অর্থায়ন বাতিল করে তারা।
তবে অর্থায়ন বাতিলের পর এই প্রকল্প নিয়ে অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইনও ছুটিতে যান।
ঈদের ছুটির পর গুঞ্জন শুরু হয়, পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান পদত্যাগ করছেন। তবে তা এখনো গুঞ্জনেই সীমাবদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এআরএইচ/এমআই/১২১৪ ঘ.
bdnews24