সুজন মন্ডল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষার্থীর সার্টিফিকেট দিয়ে আট বছর ধরে ঢাকারই একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন এক ব্যক্তি।
সম্প্রতি একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রেজউল করিম খান নামের ওই ব্যক্তি বর্তমানে সিটি কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় এক মাস আগে একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে।”
“প্রকৃত রেজাউল করিম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৬ সালে অনার্স এবং ’৯৭ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।”
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিষয়টি সিটি কলেজের অধ্যক্ষকে জানানো হয়েছে এবং শিক্ষক রেজউল করিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী।
ওই ব্যক্তিকে বৃহস্পতিবার সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে দেখা করতে বলা হয়েছে।
আমজাদ আলী বলেন, “বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে রেজউল করিম দেখা করতে না এলে তার বিরুদ্ধে থানায় মামলা করা হবে।”
সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২/৩ দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি এসেছে। এতে রেজউল করিমকে তার সার্টিফিকেটসহ ৩০ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা করতে বলা হয়েছে।”
অভিযোগ প্রমাণিত হলে সিটি কলেজের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০২৫ ঘ.
bdnews24