২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল ছাত্রদল নেতা কালুকে উদ্ধারের দাবি

বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফিরোজ খান কালুকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধারের দাবি করেছে জেলা ও মহানগর ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

বরিশাল, অগাষ্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফিরোজ খান কালুকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধারের দাবি করেছে জেলা ও মহানগর ছাত্রদল। বুধবার নগরীর সদর রোড দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটির নেতারা। গত ২৪ অগাস্ট চট্টগ্রাম থেকে নিখোঁজ হন এই ছাত্রদল নেতা। সম্মেলনে লিখিত বক্তব্যে বরিশাল মহানগর ছাত্রদলের আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে কালুকে ফেরত দেওয়া না হলে কঠোর আন্দোলনে যাবে ছাত্রদল। কালুকে খুঁজে বের করা সরকারের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে কালুর মা ফিরোজা বেগম ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহীন, জেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ হাসান মামুন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন প্রমুখ। চট্টগ্রাম মহানগরীর ঈদগাহ এলাকা থেকে ২৪ অগাস্ট সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা কালুকে তুলে নিয়ে যায় বলে কালুর স্ত্রী আমেনা আক্তার দীপ্তি বলেন। তার অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কালুকে জোর করে ধরে নিয়ে গুম করা হয়েছে। বরিশাল সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জিতু হত্যা মামলার প্রধান আসামি কালু। গত মার্র্চে জিতু হত্যাকাণ্ডের পর থেকে কালু পলাতক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮০০ ঘ.