নরসিংদী, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই সহোদরের মৃত্যু ও নিহতদের পিতা মাতা সহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হচ্ছে, ইসমাইল (৯) ও ইবরাহিম (৬)।
আহত তাদের বাবা সাইফুল ইসলাম (৩৬), মা মিনারা বেগম (২৬) ও ছোট ভাই ইসরাফিলকে (২) মাধবদী প্রাইম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। সাইফুল কুড়িগ্রাম জেলার সরকার পাড়া গ্রামের মৃত সহর আলীর ছেলে।
নরসিংদীর সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘাতক বাস ও বেবি টেক্সিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নরসিংদী সদর উপজেলার মাধবদীর বিরামপুর থেকে সাইফুল স্বপরিবারে আসার পথে তাদের বহনকারী সিএনজি চালিত অটো রিকশাকে বিপরীত দিক থেকে আসা মনোহরদী পরিবহন প্রাইভেট লিঃ এর একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
এ সময় উত্তেজিত জনতা ঘাতক বাস ও বেবি টেক্সিটি আটক করে এবং ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টার এ অবরোধে ব্যাপক যানযটের সৃষ্টি হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌছলে সকাল সাড়ে ৯টায় এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫৮ ঘ.
bdnews24