ঢাবি, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসচাপায় সহপাঠী নিহতের প্রতিবাদে কফিন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে নিরাপদ করতে পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছে তারা।
এদিকে মঙ্গলবার রাতে ওই ছাত্র নিহত হওয়ার প্রতিক্রিয়ায় গাড়ি ভাংচুরের পর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শাহবাগ মোড়ে গাড়ি চলাচল করতে দেয়নি পুলিশ।
শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ শেষ হওয়ার পর বুধবার দুপুর ১টা থেকে ক্যাম্পাস সংলগ্ন ওই সড়কে গাড়ি চলাচল শুরু হয়।
মঙ্গলবার বিকালে শাহবাগে রাস্তা পার হওয়ার সময় রাজধানী এক্সপ্রেসের একটি বাসের নিচে পড়ে আহত হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুজ্জামান।
রাতে হাসপাতালে তার মৃত্যু হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহবাগ, রূপসী বাংলা হোটেলের সামনে ও নিউ মার্কেট এলাকায় ৪০টিরও বেশি বাস ও গাড়ি ভাংচুর করে। ছাত্ররা কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিলে রাত ৮টা থেকে পৌনে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাত ১২টার পর যান চলাচল শুরু হলেও সকালে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। তখন সব গাড়িকে রূপসী বাংলা হোটেলের সামনে দিয়ে চলাচল করতে হয়েছে।
এতে বাংলামটর, কারওয়ানবাজার, কাকরাইল ও পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে সকাল সোয়া ১১টার দিকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মধুর ক্যান্টিন থেকে কফিন মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসে। সেখানে সমাবেশ করে তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র তৌহিদুজ্জামানের লাশ রাতেই তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে পাঠানো হয়। বুধবার তার দাফন হয়েছে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি দাবি জানায়। এর মধ্যে রয়েছে শাহবাগ মোড়ে আন্ডারপাস নির্মাণ, দুর্ঘটনার জন্য দায়ী বাসচালক এবং সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের শাস্তি, নিহতের পরিবার এবং মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ ও আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ দেওয়া, বাইরের গাড়ি ক্যাম্পাসে চলাচল বন্ধ ও ক্যাম্পাসে প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা ইত্যাদি।
২০০৫ সালের ২৮ মে এই শাহবাগ মোড়েই বাসচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী শাম্মী আক্তার হ্যাপী। তখন ছাত্রদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ মোড়ে আন্ডারপাস নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।
পৌনে ১টায় ওই শিক্ষার্থীরা শাহবাগ মোড় ছেড়ে গেলে ছয় ঘণ্টা পর গাড়ি চলাচল শুরু হয়।
পরবর্তী যাতে আর কোনো বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা না ঘটে সেজন্য শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ রাখা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার নুরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
শাহবাগ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের বিভিন্ন ফটকে পুলিশি পাহারা বসানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো গাড়ি ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকা নীলক্ষেত, কাটাবন, পলাশী, চানখারপুল ও হাই কোর্টের সামনের সড়কেও যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ।
এর আগে বাসচাপায় ছাত্র নিহতের ঘটনায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ব্যানারে’ শোকমিছিল করে ছাত্রলীগ। মিছিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলীকেও দেখা গেছে। মিছিলটি সকাল সাড়ে ১১টার দিকে মধুর ক্যান্টিন থেকে বের হয়ে শাহবাগ মোড় ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে যায়।
সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরাও। বেলা ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে শুরু হওয়া ওই মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও ওই বিভাগের অনেক শিক্ষকও অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24