ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হওয়ার পর শাহবাগ মোড়, নিউমাকের্ট এলাকায় ব্যাপক ভাংচুর চালিয়েছে শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহবাগ, রূপসী বাংলা হোটেলের সামনে ও নিউমার্কেট এলাকায় ৪০টিরও বেশি বাস ও গাড়ি ভাংচুর করলে এবং কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিলে রাত আটটা থেকে পৌনে বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার বিকেলে শাহবাগে বাস থেকে নামার পর রাস্তা পার হওয়ার সময় রাজধানী এক্সপ্রেসের একটি বাসের নিচে পড়ে গুরুতর আহত হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুজ্জমান। রাত সাড়ে সাতটায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
তৌহিদুজ্জামানের মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা রাত আটটার দিকে শাহবাগ মোড়ে এসে তিন-চারটি প্রাইভেটকার ভাংচুর করে। পরে তারা রূপসী বাংলা হোটেলের সামনে এসে ১২টি বাস, একটি তেলবাহী লরি ও তিনটি গাড়ি ভাংচুর করে।
সোয়া নয়টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় ৮-১০টি বাস ভাংচুর করে ও মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পৌনে দশটার দিকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নেভায়।
রূপসী বাংলা হোটেলের সামনের পুলিশ বক্স ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসির টিকিট কাউন্টারও ভাংচুর করে শিক্ষার্থীরা।
পরে শাহবাগে ফুলের দোকানগুলোর পাশের পুলিশ বক্স ভাংচুর করে তাতে আগুন লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। কাঠ ও কাগজ জড়ো করে রাত দশটার দিকে শাহবাগ মোড়ে আগুন ধরায় তারা।
ভাংচুর শুরু হওয়ার পর পুলিশ শাহবাগ ও রূপসী বাংলা হোটেলের দিকে যান চলাচল বন্ধ করে দেয়। ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহন বাংলামোটর মোড়ে আটকে দেওয়া হয়। শুক্রবাদে আটকে দেওয়া হয় নিউমার্কেটগামী যানবাহন।
পুলিশ সোয়া এগারোটায় রূপসী বাংলা হোটেলের সামনে থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিলে পৌনে বারটায় যানবাহন চলাচল শুরু হয়।
যানবাহন চলাচল শুরু হওয়ার পর পুলিশের রমনা জোনের উপ কমিশনার (ডিসি) নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “পরিস্থিতি এখন শান্ত। শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে ক্যাম্পাসে ফিরে গেছে।”
রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান সাংবাদিকদের বলেন, তৌহিদুজ্জামানকে চাপা দেওয়া রাজধানী পরিবহনের বাস ও এটির চালক আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। তার কাছে কোনো লাইসেন্স পাওয়া যায়নি।
তিনি জানান, বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় রাজধানী একপ্রেসের একটি বাসের নিচে পড়ে গুরুতর আহত হয় তৌহিদুজ্জামান। এরপর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
দুর্ঘটনার সময় তৌহিদুজ্জামানের সঙ্গে থাকা ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শাহবাগের বারডেমের সামনে বাস থেকে নামেন তারা। দু’জন রাস্তা পার হওয়ার সময় মৎস ভবন থেকে আসা একটি বাসের ধাক্কায় তারা ছিটকে পড়েন। তখন জ্ঞান হারিয়ে ফেলা ফয়সাল সামান্য আহত হয়েছেন।
এসি শিবলী নোমান বলেন “ঢাকা বিশ্ববিদ্যলয়ের ছাত্রের মৃত্যুর খবর পাওয়ার পর আমরা বিশ্ববিদ্যালয়ের চারদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি ও যানবাহন চলাচল বন্ধ করে দেই। সন্ধার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে শাহবাগে ও রূপসী বাংলা হোটেলের সামনে যানবাহন ভাংচুর করে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী জানান, তৌহিদুজ্জমান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বঙ্গবন্ধু হলের ২০৮ নম্বর হলে থাকতেন। তার বাড়ি কিশোরগঞ্জে লাশ পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এসএন/এসইউ/০০১০ ঘ.
bdnews24