চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর খনন কার্যক্রমকে ‘অপরিকল্পিত’ বলে অভিহিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলররা।
মঙ্গলবার মেয়র মনজুর আলমের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৬তম সাধারণ সভায় তারা এ মত ব্যক্ত করেন।
চসিকের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
কর্ণফুলীর খনন কার্যক্রম নগরীর জলাবদ্ধতা নিরসনে কোনো সুফল বয়ে আনবে না এবং এতে কোটি কোটি টাকা অপচয় হচ্ছে বলেও বৈঠকে মন্তব্য করেন তারা।
নগরীর রাস্তাঘাট ও ফ্লাইওভার নির্মাণে দীর্ঘসূত্রতার কারণে সৃষ্ট জনদুর্ভোগের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উপরও ক্ষোভ প্রকাশ করেন কাউন্সিলররা।
চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে যে কোনো প্রতিষ্ঠান এগিয়ে এলে তাকে স্বাগত জানানো হবে বলে জানান তারা।
সভায় সিডিএ’র সব নির্মাণ প্রকল্প দ্রুত শেষ করে জনদুর্ভোগ নিরসনের আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে ১৯৯৫ সালে প্রণীত ড্রেনেজ মাস্টার প্ল্যানের আলোকে ২৯৭ কোটি টাকা ব্যয়ে নগরীর বহদ্দারহাট বারুই পাড়া খাল থেকে বলির হাট হয়ে কর্ণফুলী নদী পর্যন্ত তিন কিলোমিটার প্রস্তাবিত নতুন খাল খননের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান মেয়র মনজুর আলম।
প্রকল্পের অনুমোদন ও অর্থ ছাড়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অতিবৃষ্টি ও জোয়ারের কারণে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নগরীতে একদিনে প্রায় ১১ শ’ কোটি টাকার মালামালের ক্ষতি হয় জানিয়ে মেয়র বলেন, নগরীর উন্নয়নে চসিক সরকার থেকে গত ২২ বছরে মাত্র ৯০০ কোটি টাকা পেয়েছে।
চট্টগ্রাম নগরীর উন্নয়নে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/এইচএ/২১৩১ ঘ.
bdnews24