২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুর লেলিয়ে হত্যা: দুই প্রধান আসামির জামিন

কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হত্যার ঘটনার প্রধান দুই আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হত্যার ঘটনার প্রধান দুই আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। এরা হলেন শাহ সেলিম টিপু ও তার ছেলে জুনায়েদ আহমেদ ওরফে রিয়াদ। দুই জনই হিমাদ্রী হত্যা মামলার এক ও দুই নম্বর আসামি। উচ্চ আদালত তাদের আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমপর্ণের আদেশ দিয়েছে। হাইকোর্টের বিচারপতি মীর হাসমত আলী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ থেকে গত ২২ অগাস্ট তারা জামিন নেন। মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা মামলার তদন্ত কর্মকর্তা ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীরের হাতে পৌঁছেছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিমাদ্রী হত্যা মামলার প্রধান দুই আসামি সেলিম ও জুনায়েদের জামিনের অনুলিপি মঙ্গলবার পেয়েছি। তাদের আট সপ্তাহের জামিন দেওয়া হয়েছে।” এছাড়া এই মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি শাহাদাতকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শাহাদাতকে গত ১ জুন টেকনাফের শাহ পরীর দ্বীপ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এ মামলার অন্য আসামিরা হলেন- জুনায়েদের বন্ধু শাওন ও মাহবুব আলী ওরফে ডেনি। এ বছরের ২৭ এপ্রিল সামারফিল্ড স্কুল অ্যঅন্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে নগরের পাঁচলাইশ এলাকায় শাহ সেলিম টিপুর ভবনের ছাদ থেকে কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ মে তিনি মৃত্যুবরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১১৭ ঘ.