ইসলামী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংগঠনিক কাজে পুলিশ বাধা দেওয়ায় প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ।
এ দাবিতে বুধবার দুপুরে মিছিল সমাবেশ শেষে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের কর্মসূচি দিয়েছে তারা।
বেলা ১২টার সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শেখপাড়া বাজারে সমাবেশে বক্তব্য রাখেন ইবি ছাত্রলীগ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন খোকন, ইবি জাসদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোস্তফা ইবনে আব্দুল হক, ছাত্রমৈত্রী নেতা ইউনূস আলী প্রমুখ।
ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন সাংবাদিকদের বলেন, ১৫ অগাস্ট উপলক্ষে জাতীয় শোক দিবস পালনের জন্য আমরা ছাত্রলীগের নির্ধারিত টেন্টে অবস্থান নিতে যাই।
“তখন বিশ্ববিদ্যালয় প্রক্টরের নির্দেশে পুলিশ টেন্ট দখল করে রেখে আমাদের নেতাকর্মীদের প্রবেশ করতে বাধা দেয় এবং আমাদের সঙ্গে বাজে আচারণ করে।”
এ ব্যাপারে ইবি প্রক্টর ড. মেহের আলী বলেন, পুলিশকে শান্তিশৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু করার নেই।
ইবি থানার ওসি মিজানুর রহমান বলেন, “ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষের আশংকায় আমরা টেন্টে অবস্থানে বাধা দিয়েছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০০ ঘ.
bdnews24