ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির অভিযোগে একটি মামলায় একুশে টেলিভিশনের পরিচালক ও চেয়ারম্যান আবদুস সালাম হাই কোর্টের একটি বেঞ্চে জামিন পাননি।
মঙ্গলবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি ভবানী প্রাসাদ সিংহের বেঞ্চে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন সালাম।
আদালতে সরকারপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল। একুশে টিভির পক্ষে ছিলেন এস এম মুনীর।
জাহিদ সরওয়ার কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে।
অন্যদিকে এস এম মুনীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনানির পর মামলাটি আমরা ফিরিয়ে নিয়ে এসেছি।”
জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের পক্ষে উপ কর কমিশনার মো. বজলুর রহমান খান গত ১২ অগাস্ট মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৬-০৭ এবং ২০০৮-০৯ করবর্ষে ১৭ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ১৫৭ টাকার আয় গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন আবদুস সালাম।
দায়েরের পর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক মামলাটি আমলে নিয়ে আবদুস সালামকে আগামী ১১ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আসামিরা ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানের আয়কর বিবরণী দাখিল না করায় এর আগে এনবিআরের উপ কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল গত ২০ মার্চ একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম এবং ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৪৮ ঘ.
bdnews24