সিলেট, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার এক কালোবাজারিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে স্টেশন এলাকার একটি ফাস্টফুডের দোকান থেকে বর হোসেনকে (৩৮) গ্রেপ্তার করে র্যাব।
এরপর তাকে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হয় বলে র্যাব জানিয়েছে।
কবির হোসেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাজিরপুর গ্রামের প্রয়াত কুটিমিয়া মুন্সীর ছেলে।
র্যাব-৯ এর অপারেশন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসাইন সাংবাদিকদের বলেন, কালোবাজারে টিকিট বিক্রির সময় স্টেশন চত্বরের এলাহী ফাস্টফুডের দোকান থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২২টি টিকিট উদ্ধার করা হয়।
ফাস্টফুড ব্যবসার নামে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে কবির দীর্ঘদিন ধরে টিকেট কালোবাজারি করে আসছে বলে র্যাব কর্মকর্তা জানান।
গত ৯ অগাস্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সিলেট রেলওয়ে স্টেশনে রেলের টিকিট কালোবাজারি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০৫ ঘ.
bdnews24