খাগড়াছড়ি, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে রোববার অপহৃত বনকর্মীসহ পাঁচজন ফিরে এসেছেন।
মাটিরাঙা পলাশপুর বিজিবি’র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেফতাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিবি’র টানা অভিযানের কারণে সোমবার বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার ভাইবোনছড়ার ১৭ নম্বর এলাকায় তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।
তবে কারা তাদের অপহরণ করেছিল এ বিষয়ে কোনো কথা বলেননি এ বিজিবি কর্মকর্তা।
মুক্তিপ্রাপ্তরা হলেন- বনরক্ষী সুনীল চাকমা, সোনামনি চাকমা, মো. আলম, কাঠ ব্যবসায়ী মো. লোকমান হোসেন এবং নৌকাচালক মো. মাহবুব।
রোববার বিকালে মাটিরাঙ্গা উপজেলা থেকে ৩০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে তারা অপহৃত হন। তারপর থেকেই বিজিবি যামিনীপাড়া এবং পলাশপুর জোনের সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছিল।
মাটিরাঙা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তি পাওয়া বনরক্ষীদের মাটিরাঙ্গা কার্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৭ ঘ.
bdnews24