ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- রাজধানীর গ্রিন রোডে ওয়াসার ঠিকাদার জিয়াউল ইসলাম রিপনকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে তাকে গাজীপুরের টঙ্গি এলাকা থেকে রফিকুল ইসলাম আলীনুর (২১) নামের এই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ২২ অগাস্ট রাতে কাথাকাটির এক পর্যায়ে আলীনুর রিপনকে ঘরে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে তার হাত বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে।
আলীনুর রিপনকে হত্যা করার কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, ওই রাতে তিনি ও রিপন মদ্যপ অবস্থায় ছিলেন। রিপন বয়সে বড় হলেও পূর্বপরিচয়ের কারণে প্রায়ই তিনি রিপনের বাসায় আসতেন।
রিপনকে সমকামী উল্লেখ করে আলীনুর বলেন, “ওই রাতে রিপন আমার সঙ্গে খুব জোর করছিল। তাই এ হত্যাকা-ের ঘটনা ঘটে।”
তিনি জানান, রিপনকে হত্যার পর রাতে তিনি লাশের পাশেই ছিলেন। পরে ভোরে রিপনের শার্টের পকেট থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে ওই দরজায় তালা দিয়ে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যান।
আলীনুর জানান, তিনি সরকারি তিতুমীর কলেজের বিবিএস প্রথম বর্ষের ছাত্র।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তা বলেন, আলীনুরের দেওয়া তথ্যানুসারে রিপনের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে ৫৯ গ্রিন রোডের এক বাসার দ্বিতীয় তলা থেকে জিয়াউল ইসলাম রিপনের হাতবাঁধা লাশ উদ্ধার করা হয়।
রিপন ওয়াসার একজন ঠিকাদার ছিলেন। তার বাড়ি চাপাইনবাবগঞ্জে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭০৯ ঘ.
bdnews24