২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের হয়ে হাই কোর্টে যাবেন মিজানুর

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু লিমন হোসেনের বিরুদ্ধে করা মামলার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করবে জাতীয় মানবাধিকার কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু লিমন হোসেনের বিরুদ্ধে করা মামলার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করবে জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “লিমনের অধিকার সুরক্ষার জন্য বিচার বিভাগীয় তদন্ত প্রার্থনা করে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে।” কমিশনের সদস্য ফৌজিয়া করিম ফিরোজ আগামী রোববার হাই কোর্টে আবেদনটি দাখিল করবেন বলে জানান তিনি। মিজানুর রহমান আশা করছেন, বিচার বিভাগীয় তদন্তে লিমন নির্দোষ প্রমাণিত হবে। “আমাদের বিশ্বাস, সুপ্রিম কোর্ট আমাদের প্রার্থনার ওপর সুবিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন,” যোগ করেন তিনি। লিমনের পরিবারের বিরুদ্ধে র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহিম হাওলাদারের হত্যা মামলা দায়েরের এক সপ্তাহের মধ্যে এই কলেজছাত্রের পক্ষে অবস্থান জানাল মানবাধিকার কমিশন। ২০১১ সালের ২৩ মার্চ র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারান ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের লিমন। ওই ঘটনায় লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। অন্যদিকে র‌্যাবের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন লিমনের মা হেনোয়ারা বেগম। লিমনের মায়ের করা মামলায় র‌্যাবকে ‘নির্দোষ’ দেখিয়ে গত ১৪ অগাস্ট চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। অন্যদিকে র‌্যাবের দুটি মামলায় লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। লিমনের পঙ্গু হওয়া প্রসঙ্গে মিজানুর বলেন, “এক বা একাধিক ব্যক্তির ভুলের কারণে এটা ঘটেছে, তা স্বীকার করলেই পানি এত ঘোলাটে হত না। ভুল শুধরে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা রাষ্ট্রের দায়িত্ব।” র‌্যাবের বিরুদ্ধে কমিশন এত দিনেও কেন মামলা করেনি- জানতে চাইলে তিনি বলেন, “আমরা ভেবেছিলাম মামলা করার প্রয়োজন হবে না। এর আগেই সে (লিমন) ন্যায়বিচার পাবে।” কথিত বন্দুকযুদ্ধে পা হারানোর পর ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন লিমনকে দেখতে গিয়েছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। সুস্থ হওয়ার পর লিমনের পরিবার আর নিজ গ্রামে থাকেন না। পাশের জেলা পিরোজপুরের কাউখালীতে বাড়ি ভাড়া নিয়ে থাকেন তারা। এই ঈদুল ফিতরে গত ২০ অগাস্ট লিমন পরিবারের সদস্যদের সঙ্গে নিজের গ্রামে যান। সেখান থেকে ফেরার পথে ইব্রাহিম হাওলাদারের নেতৃত্বে তাদের ওপর হামলা হয় বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে একটি সাধারণ ডায়েরিও করেছেন হেনোয়ারা বেগম। তবে ওই দিন লিমনের পরিবারের ওপর হামলাস্থলের এক কিলোমিটারের মধ্যে ইব্রাহিমের শ্যালক ফোরকান হাওলাদারের লাশ পাওয়া যায়। এরপর ইব্রাহিম ২৩ অগাস্ট লিমনের বাবা তোফাজ্জেল আকন, মা হেনোয়ারা বেগম ও বড় ভাই সুমন আকনসহ ১০ জনের বিরুদ্ধে ফোরকানকে হত্যার অভিযোগ এনে মামলা করেন। লিমনের পরিবারের দাবি, তাদের হয়রানি করতেই নতুন করে এই মামলা হয়েছে। লিমনের পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এবং হামলার বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না- জানতে চাইলে মিজানুর বলেন, “আমরা তো বিভিন্ন বিষয়ে সুপারিশ করতে পারি। নির্বাহী ক্ষমতা আমাদের হাতে নেই।” তবে লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠন হলে কমিশন আদালতের দারস্থ হবে বলে জানান তিনি। লিমনের পঙ্গু হওয়ার পর তার ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে কমিশনের পদক্ষেপে কোনো গাফিলতি ছিল না দাবি করে মিজানুর বলেন, লিমনের ঘটনায় গত ১১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রীকে একটি আধা সরকারি চিঠি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ওই চিঠিও পড়ে শোনান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তবে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়ার পরেও ইতিবাচক কোনো অগ্রগতি আমাদের কাছে ধরা পড়েনি। উল্টো লিমনের বিরুদ্ধে মামলা, হামলা ও হত্যা মামলা দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করে ফেলা হয়েছে। লিমনের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।” সংবাদ সম্মেলনে কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬৫৬ ঘ.