২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনদের ওপর হামলার অভিযোগ সঠিক: পুলিশ

ঈদের দিন বিকালে র‌্যাবের বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠীর লিমন, তার মা ও ভাইয়ের ওপর র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহিম হাওলাদারের হামলা চালানোর অভিযোগ সঠিক বলে প্রতিবেদন দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঝালকাঠী, অগাস্ট ২৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন বিকালে র‌্যাবের বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠীর লিমন, তার মা ও ভাইয়ের ওপর র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহিম হাওলাদারের হামলা চালানোর অভিযোগ সঠিক বলে প্রতিবেদন দিয়েছে পুলিশ। লিমনের মায়ের করা একটি সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তদন্ত শেষে রাজাপুর থানার উপ পরিদর্শক হালিম তালুকদার সোমবার সকালে ঝালকাঠী সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেন। ঈদের দিন বিকালে নিজের গ্রাম সাতুরিয়া থেকে কাউখালীর ভাড়া বাড়িতে যাওয়ার পথে লিমন, তার মা হেনোয়ারা বেগম ও বড় ভাই সুমন আকন্দ হামলার শিকার হন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তারা। পরে হেনোয়ারা বেগম ওই হামলার জন্য ইব্রাহিমকে দায়ী করে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরদিন সকালে রাজাপুর থানা পুলিশ তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে। তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক হালিম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিমনদের ভয়ভীতি দেখানো ও আঘাত করে আহত করার অভিযোগের সত্যতা পাওয়ায় ৩২৩/৫০৬(২) ধারায় ইব্রাহিমের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হয়েছে। তবে সহকারী পুলিশ সুপার ছুটিতে থাকায় প্রতিবেদনটি সোমবার আদালতে জমা পড়েনি। এ ব্যাপারে ঝালকাঠীর পুলিশ সুপার মো. মজিদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইব্রাহিমের বিরুদ্ধে পুলিশের প্রতিবেদন জমা হয়েছে বলে শুনেছি। এটি আদালতে জমা দিতে হলে সহকারী পুলিশ সুপারের স্বাক্ষর দরকার। মঙ্গলবার সহকারী পুলিশ সুপার প্রতিবেদনে সই করে আদালতে পাঠাবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৫৪০ ঘ.