ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলের উত্তর ইব্রাহীমপুরে পরিবারিক কলহের জের ধরে এক নারী তার দুই মেয়েকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন।
মৃতরা হলেন- জাহানারা বেগম (৩৫) ও তার দুই সন্তান শারমিন আক্তার জয়া (৮) ও হাবিবা আক্তার হাওয়া (১২)।
হাওয়া সেনপাড়া পর্বতার ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলেন, জয়া একই স্কুলে নার্সারিতে পড়ত।
কাফরুল থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিবেশীরা সোমবার দুপুরে উত্তর ইব্রাহীমপুরের বাসায় তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসকেরা হাওয়াকে মৃত ঘোষণা করেন।
পরে জাহানারা ও শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তারাও মারা গেছে।
ওসি জানান, জাহানারার স্বামীর নাম. নুরুল ইসলাম, উত্তর ইব্রাহীমপুরে তার লন্ড্রি দোকান রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
ওসি বলেন, যে ঘরে তারা কীটনাশক খেয়েছিল। সে ঘরে মধ্যে আনারস, দুধ ও একটি কীটনাশকের খালি বোতল পাওয়া যায়।
সকালে শাহানারাকে এসব কিনে নিতে দেখেছেন বলে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে।
পারিবারিক কলহের জের ধরেই আত্মহত্যার এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
রানী নামে এক প্রতিবেশী হাসপাতালে সাংবাদিকদের জানান, জাহানারা ও তার স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। রোববার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়।
নুরুলের গ্রামে বাড়ি নরসিংদী জেলায় আর জাহানারার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৮১৫ ঘ.
bdnews24