২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকলীতে বাসের ধাক্কায় ছেলে নিহত, আহত বাবা

রাজধানীর কাকলী মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় শনিবার এক শিশু নিহত হয়েছে। সেইসঙ্গে গুরুতর আহত হন শিশুটির বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকলী মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় শনিবার এক শিশু নিহত হয়েছে। সেইসঙ্গে গুরুতর আহত হন শিশুটির বাবা। বেলা সাড়ে ৩টার দিকে কাকলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত শিশুর নাম মো. আরাফাত (৪)। তার বাবা শাহজাহানকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনানী থানার ওসি (তদন্ত) মইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজাহান তার দুই ছেলে আবির (২) ও আরাফাত (৪) এবং স্ত্রী অঞ্জনাকে (৩০) নিয়ে রাস্তা পর হওয়ার সময় ক্রাইন পরিবহনের একটি বাস শাহজাহানকে ধাক্কা দিলে আরাফাত ঘটনাস্থলেই নিহত হয়। তবে শাহজাহানের স্ত্রী ও শিশু সন্তান আবির আহত হয়নি। ওসি আরো বলেন, ওই সময় আরাফাত বাবার সঙ্গে এবং আবির তার মায়ের কোলে ছিলো। বাসটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৬৫২ ঘ.