ভোলা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার পেশকার হাওলা বাজারে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশু নিহত হয়েছে।
শনিবার সকাল সাতটায় এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।
নিহত মিতু (৭) ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকার হাওলা গ্রামের নসু মিয়ার মেয়ে।
আহতদের লালমোহন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।
লালমোহন থানার ওসি খন্দকার মিজানুর রহমান জানান, চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী সীমান্ত পরিবহন নামের একটি বাস দ্রুতগতিতে আসছিল।
এ সময় একটি শিশু রাস্তার পার হতে গেলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায় বাসটি।
এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ২০ জন আহত হয়।
দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের পর হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করছে পুলিশ।
নিহত মিতুর লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০৯ ঘ.
bdnews24