২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কুপিয়ে যুবক খুন, আটক ২

সিরাজগঞ্জ সদরে পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আরো দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

সিরাজগঞ্জ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদরে পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আরো দুজন। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চরগাছাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ আকন্দ (২৫) ওই গ্রামের সেরাজ আলী আকন্দের ছেলে। তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের গাড়ি চালক ছিলেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) বাসুদেব সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেরাজ আলী আকন্দ ও পাশের গাছাবাড়ি গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার মধ্যরাতে রশিদের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে সেরাজ আকন্দের বাড়িতে হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সবুজ আকন্দ, সেরাজ আকন্দ ও নুর মোহাম্মদকে (২৪) আহত করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সবুজ মারা যান। আহত অপর দুজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, শুক্রবার সকালে পঞ্চসোনা গ্রামে অভিযান চালিয়ে হামলায় জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন- আলতাফ হোসেন (২৫) ও আমিরুল হোসেন (২৩)। ওই ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৭১৫ ঘ.