২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক ও নার্সের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক ও নার্সের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সদর হাসপাতালে দুই দিন বয়সী এক শিশু মারা যাওয়ার পর এই অভিযোগ করেন তার স্বজনেরা। এ ঘটনায় হাসপাতালে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটির চাচি শামীমা আখতার জাহান সাংবাদিকদের বলেন, বুধবার সকাল ৮টার দিকে শহরের নবাব ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন তার দেবরের স্ত্রী বিউটি। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে ওই দিন সকাল সাড়ে ১০টায় তাকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। “কিন্তু সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা সময়মতো চিকিৎসা না দেওয়ায় শিশুটির অবস্থার আরো অবনতি হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন,” বলেন শামীমা। তিনি বলেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স ও অক্সিজেন না থাকায় শিশুটি সকাল সাড়ে ১১টার দিকে মারা যায়। তবে চিকিৎসকদের অবহেলার কথা নাকচ করে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসিত সরকার বলেন, শিশুটি জন্মের সময় মাথায় আঘাত পাওয়ায় মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা দেয়। বার্থ এ্যামনেসিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। তবে তারপরও চিকিৎসক বা নার্সদের অবহেলার অভিযোগ তদন্ত করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৯৩৭ ঘ.