গাজীপুর, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নুহাশপল্লীতে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেছেন তার সাবেক স্ত্রী গুলতেকিন খান।
নুহাশ পল্লীর ভাস্কর আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে হুমায়ূন আহমেদের মা, দুই ভাই ও তিন বোনের সঙ্গে নুহাশ পল্লীতে আসেন গুলতেকিন।
গুলতেকিনের সঙ্গে হুমায়ূনের মা আয়েশা ফয়েজ, ভাই জাফর ইকবাল ও আহসান হাবীব, বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ ও রোখসানা আহমেদ নুহাশ পল্লীতে পৌঁছে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন।
এ সময় প্রয়াত লেখকের দুই ভাইয়ের স্ত্রী, এক ভগ্নিপতি ও ভাগ্নে-ভাগ্নিরাও উপস্থিত ছিলেন। নুহাশ পল্লীতে বেড়াতে আসা ভক্তরাও হুমায়ূনের কবরে শ্রদ্ধা জানান।
গত ১৯ জুলাই হুমায়ূন আহমেদের মৃত্যুর পর ২৪ জুলাই নুহাশ পল্লীতে তাকে দাফন করা হয়। এর পর এই প্রথম নুহাশ পল্লীতে গেলেন গুলতেকিন।
এর আগে ঈদের আগের দিন দুই ছেলে আর স্বজনদের সঙ্গে নুহাশ পল্লীতে এসেছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। ঈদের নামাজ শেষে হুমায়ূনের কবর জিয়ারত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১২৫২ ঘ.
bdnews24