গাজীপুর, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্যাংক লুটের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
চন্দ্রার পল্লীবিদ্যুৎ এলাকায় রতন দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সোমবার এ ঘটনা ঘটে।
আটক নুর আলম (২০) গাইবন্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সন্দৈল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পূর্ব চন্দ্রায় একটি ভাড়া বাড়িতে থাকেন।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংকের নিরাপত্তারক্ষী লিটন মিয়া দুপুর দেড়টার দিকে দেওয়াল কাটার শব্দ পেয়ে ওই ব্যাংকটির কর্মকর্তাদের খবর দেন।
ব্যাংক কর্মকর্তারা পুলিশ নিয়ে ২টার দিকে ঘটনাস্থলে আসেন। পুলিশ ভবনটি ঘেরাও করে রাখে। পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা তালা খুলে ব্যাংকে ঢোকেন।
তারা ক্যাশ কাউন্টারের পাশের দেওয়ালে একটি ছিদ্র দেখতে পান।
এ সময় অভ্যর্থনাকারীদের টেবিলে এক যুবককে শুয়ে থাকতে দেখে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে নুর আলম নামের ওই যুবক জানান, ব্যাংকে লুটের উদ্দেশ্যে তারা তিনজন এসেছিলেন। লোকজন আসার আলামত পেয়ে হয়তো বাকি দু’জন পালিয়ে গেছে।
ব্যাংকের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ব্যাংকের টাকা রাখার কক্ষের দরজা অক্ষত রয়েছে। কোনো লুটের ঘটনা ঘটেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩০ ঘ.
bdnews24