২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যান স্বল্পতায় যোগ ঈদের বাড়তি ভাড়া

ঈদের বরাবরের মতো ফাঁকা ঢাকায় নগরবাসী ঘুরে বেড়িয়েছে হালকা বৃষ্টি মাথায় নিয়ে। যানজট নয়, তাদের অসুবিধায় ফেলেছে যান সংকট আর বাড়তি ভাড়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের বরাবরের মতো ফাঁকা ঢাকায় নগরবাসী ঘুরে বেড়িয়েছে হালকা বৃষ্টি মাথায় নিয়ে। যানজট নয়, তাদের অসুবিধায় ফেলেছে যান সংকট আর বাড়তি ভাড়া। নগর পরিবহনের গুটিকয়েক বাস রাস্তায় নামলেও তাতে উঠলে দিতে হয়েছে অতিরিক্ত ভাড়া। বাস না পেলে অনেক বেশি ভাড়ায় রিকশাতে চাপতে হয়েছে যাত্রীদের। ঢাকার রাস্তায় হাতেগোণা কয়েকটি বাসের পাশাপাশি চলছে কিছু ‘হিউম্যান হলার’, টেম্পো ও অটোরিকশা। এছাড়া পুরো ঢাকাই ছিল রিকশার নিয়ন্ত্রণে। ‘ভিআইপি রোডে’ চলার সুযোগ পেয়ে ঈদ উপলক্ষে বাড়তি ভাড়াও হাঁকিয়েছেন রিকশাচালকরা। মিরপুর থেকে গুলিস্তানগামী ‘লোকাল’ বাসগুলোতে নির্ধারিত ১৮ টাকা ভাড়ার জায়গায় নেওয়া হয়েছে ৩০ টাকা। যাত্রীদের অভিযোগ, এরপরও প্রায়ই বাস থামিয়ে রাস্তা থেকে যাত্রী তুলছে কন্ডাক্টররা। কাজিপাড়া থেকে ফার্মগেটের রিকশাযাত্রী হোসনে আরা জানান, বাড়তি ভাড়ার আশ্বাস পেলেই কেবল যাত্রী নিচ্ছে রিকশাচালকরা। কাজিপাড়া থেকে অন্য সময় ফার্মগেট যেতে ৪০ থেকে ৫০ টাকা লাগে। ঈদের দিন ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা। অনেকে আরো বেশি টাকাও নিচ্ছে। ঈদের দিন অটোরিকশার ভাড়াও বেড়েছে। শেঁওড়াপাড়া থেকে চিড়িয়াখানা যাওয়ার জন্য রানা অটোরিকশা পেলেন ১৫০ টাকায়। তিনি জানালেন, মিটারে গেলে চিড়িয়াখানার ভাড়া ৬০ থেকে ৭০ টাকার বেশি হওয়ার কথা নয়। শ্যামলীর রাসেল জানান, বাসা থেকে মহাখালী যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় দাঁড়িয়েও কোনা বাসের খোঁজ পাননি তিনি। লেগুনা ও অটোরিকশা ভাড়া নিচ্ছে অনেক বেশি। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে রিকশাচালক রহমান জানালেন, ঈদের কয়েকটা দিন বেশি আয় করতেই ঈদে বাড়িতে যাননি। ঈদের পরে গ্রামে যাবেন পরিবারের কাছে। ঈদের মানুষের হাতে অনেক টাকা থাকে। তাই একটু বাড়তি পয়সা চাচ্ছেন। আবার অনেক যাত্রী খুশি হয়েই বেশি টাকা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৮১২ ঘ.