নোয়াখালী, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জে একটি লাশবাহী পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে এ ঘটনা ঘটে।
নিহত শাহনুর বেগম (৫৫) ভোলার লালমোহন উপজেলার কালমা গ্রামের আজিজুল হকের স্ত্রী এবং ফারুক (৪০) ওই পিকআপটির চালক।
পুলিশ পরিদর্শক খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই পিকআপে করে রাশেদা নামের এক আত্মীয়ের লাশ নিয়ে ভোলার লালমোহনে যাচ্ছিলেন শাহনুর বেগম। পিকআপটি বাংলাবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহনুর ও ফারুক নিহত হন।
আহতদের মধ্যে মনোয়ার (৪৩), রুবেল (৯), রাসেল (১২), রাশেদ (১০), রুহুল আমিন (৩০), আজহার (৫০), মোক্তার হোসেন ও রশিদকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মোক্তার হোসেন ও রুবেল নামের দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৫৪৬ ঘ.
bdnews24