২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির কারণে কারাগারে ভেতরেই বন্দিদের ঈদ জামাত

বৃষ্টির কারণে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিরা ঈদের নামাজ আদায় করেছেন ওয়ার্ডের ভেতরে। ঈদ উপলক্ষে বন্দিদের জন্য রয়েছে বিশেষ খাবারের ব্যবস্থাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 09:19 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

চট্টগ্রাম, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টির কারণে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিরা ঈদের নামাজ আদায় করেছেন ওয়ার্ডের ভেতরে। ঈদ উপলক্ষে বন্দিদের জন্য রয়েছে বিশেষ খাবারের ব্যবস্থাও। কারাগারের মাঠে জামাত অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করার পরও লাগাতার বৃষ্টির কারণে ওয়ার্ডের ভেতরেই জামাত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল আলম। তিনি জানান, ঈদের দিন বন্দিদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করার বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। মাহবুবুল আলম বলেন, ঈদ উপলক্ষে সকালে বন্দিদের জন্য সেমাই ও মুড়ি সরবরাহ করা হয়। দুপুরে ছিল সাদা ভাত, মাছ ও আলুর দম। আর রাতে দেওয়া হবে পোলাও, মাংস ও মিষ্টি এবং সঙ্গে থাকবে সালাদ ও কোমল পানীয়। ঈদের পরদিন মঙ্গলবার সকাল ১০টা থেকে বন্দিদের অংশগ্রহণে কারাগারের ভেতরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কক্সবাজার কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. রফিকুল কাদের জানান, বৃষ্টির কারণে মসজিদে তিন দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কারাগারের মতোই এখানেও খাবারের মেনু একই থাকবে জানিয়ে রফিকুল বলেন, শুধু রাতে বন্দিদের জন্য ইলিশ মাছেরও ব্যবস্থা রাখা হয়েছে। তবে বন্দিদের আত্মীয়-স্বজনরা খাবার দিতে চাইলে তা পরীক্ষার পর বন্দিদের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। সোম ও মঙ্গলবার দুই দিন ধরে কক্সবাজার কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে কারাধ্যক্ষ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/জেকে/১৫০৮ ঘ.