২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমন ও তার মায়ের ওপর হামলা

ঈদের দিন বিকালে ঝালকাঠির কলেজছাত্র লিমন ও তার মাকে র‌্যাবের এক সোর্স মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঝালকাঠী, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন বিকালে ঝালকাঠির কলেজছাত্র লিমন ও তার মাকে র‌্যাবের এক সোর্স মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকাল ৫টার দিকে ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়ার গ্রামের বাড়ির কাছে এ হামলা হয় বলে লিমন জানিয়েছেন। রাজাপুর থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি হামলার কথা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। লিমন ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউখালী থেকে সকালে তিনি গ্রামের বাড়ি যান আত্মীয়দের সঙ্গে দেখা করতে। কলেজে আসা যাওয়ার সুবিধার জন্য তিনি পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি ভাড়া বাড়িতে থাকেন। বিকালে মাকে নিয়ে আবার কাউখালী ফিরে যাচ্ছিলেন লিমন। যাওয়ার পথে রাস্তায় আত্মীয়দের কাছ থেকে বিদায় নেওয়ার সময় র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত একই গ্রামের আব্দুর রশিদের ছেলে ইব্রাহিম ওরফে লিডার ইব্রাহিম লিমনকে বলে, ‘পথে দাঁড়িয়ে আছিস কেন’? এ কথা বলে সে কিল ঘুষি মারতে থাকে বলে লিমন জানান। লিমনের মা হেনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিমনকে রক্ষা করতে গেলে ইব্রাহিম তাকেও মাথায় ও মুখে কিলঘুঘি মেরে আহত করে। তিনি আরো বলেন, ইব্রাহিম এলাকায় র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত। লিমনের বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা মামলায় ১৭ নম্বর সাক্ষী সে। এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি শুনেছি, খোঁজ খবর নেওয়া হচ্ছে।” ২০১১ সালের ২৩ মার্চ র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারান ঝালকাঠির কলেজছাত্র রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের লিমন হোসেন। ওই ঘটনায় তিনটি মামলা হয়। লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। আর র‌্যাবের বিরুদ্ধে একটি মামলা করেন লিমনের মা হেনোয়ারা বেগম। লিমনের মায়ের করা মামলায় র‌্যাবকে ‘নির্দোষ’ দেখিয়ে গত ১৪ অগাস্ট চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। তবে র‌্যাবের দু’টি মামলায় লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৩ ঘ.