ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের সকালে মুসল্লিদের নামাজ আদায় নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন সংশ্লিষ্টরা।
আবহাওয়া অনুকূলে থাকলে ঢাকায় ঈদের প্রধান জামাত হবে সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। তবে ঈদের সকালে ঢাকায় বৃষ্টি থাকলে ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহসহ ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার ঈদগাহগুলোতে ঈদ জামাতের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। জাতীয় ঈদগাহ প্রাঙ্গণজুড়ে প্রায় পাঁচ হাজার নারীসহ ৮৪ হাজার মানুষের নামাজের ব্যবস্থা থাকছে। শামিয়ানা টাঙানো, অজুর পানি সরবরাহ ও ব্যবহৃত পানি অপসারণেরও সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতকে ঘিরে গড়ে তোলা হয়েছে র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তা বলয়। সার্বিক বিষয়গুলো দেখভাল করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শুক্রবার জাতীয় ঈদগাহের প্রস্তুতি ঘিরে দেখেন। তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
কর্মকর্তারা জানান, ঈদগাহে পাঁচ হাজার নারীর নামাজের জন্য পর্দা দিয়ে ঘিরে আলাদা ব্যবস্থা করা হয়েছে। কূটনৈতিক মিশনের সদস্য ও তাদের স্ত্রীদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
এবার ঈদগাহে দুই লাখ ৫৭ হাজার ২০৭ বর্গফুট বৃষ্টি প্রতিরোধক ত্রিপলসহ শামিয়ানা টানানো হয়েছে। মুসল্লিদের জন্য ভ্রাম্যমাণ টয়লেট ও পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৬৪টি প্যাডাস্টাল ও ৪০০টি সিলিং ফ্যানও লাগানো হয়েছে এ ময়দানে।
নিরাপত্তা
ঈদ জামাত ঘিরে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করতে ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ শনিবার সকালে ঈদগাহে আসেন। শুক্রবার সকালে সব কিছু ঘুরে দেখেন র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান।
মোখলেছুর রহমান জানান, ঈদের প্রধান জামাতকে ঘিরে র্যাবের পক্ষ থেকে তিনস্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহর চারদিকে র্যাবের গোয়েন্দা নজরদারীও জোরদার থাকবে। র্যাবের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে নিরাপত্তার খুঁটিনাটি দিকগুলো নিশ্চিত করতে।
পুলিশ ছাড়াও সাদা পোশাকে র্যাব ও পুলিশের গোয়েন্দা দল মোতায়েন থাকবে ঈদগাহ এলাকায়।
ঈদকে কেন্দ্র করে সারাদেশে পাঁচ হাজার র্যাব মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকাতেই মোতায়েন হয়েছে দুই হাজার এবং ঢাকার বাইরে সারাদেশে আরো তিন হাজার র্যাব।
ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পুলিশ বাহিনীর। এ জন্য ঈদগাহে বেশ কয়েকদিন ধরেই পুলিশ দায়িত্ব পালন করছে। মাঠের চারদিকে গুরুত্বপূর্ণ স্থানে ৫০টি ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।
তিনি জানান, ঈদের সকালে আর্চওয়ের ভিতর দিয়ে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করবেন। আর্চওয়ের সামনেই ঈদগাহের মূল ফটকে থাকবে অত্যাধুনিক ডিটেক্টর। এর মাধ্যমে জানা যাবে মাঠে কোনো ধরনের ক্ষতিকর বস্তু নিয়ে কেউ প্রবেশ করছে কি না।
এদিকে ঈদের দিন বিভিন্ন হাসপাতাল, কারাগার, শিশুসদন, প্রতিবন্ধী কেন্দ্র, সেফ হোম, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুঃস্থ কল্যাণ কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকার অন্য ঈদ জামাত
রাজধানী ঢাকার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত ঈদের বিশেষ জামাত হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, নগরের ৫৬টি ওয়ার্ডের প্রতিটিতেই চারটি করে মোট ২২৪টি জায়গায় ঈদের জামাত হবে। এসব এলাকার মাঠ ও মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠেও একটি জামাত হবে।
সাড়ে ৭টা: পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদ ও হাজারীবাগ পার্ক মাঠে প্রথম জামাত।
সাতটা ৪৫ মিনিট: আদাবরের মেহেদীবাগ জামে মসজিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে।
সকাল ৮টা: ধানমন্ডি ঈদগাহ ময়দান, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, সায়েদাবাদের চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, নয়াপল্টন জামে মসজিদ, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদের প্রথম জামাত, গেন্ডারিয়া ধূপখোলার ইস্ট এন্ড ক্লাব মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ, এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, বাবে রহমত দেওয়ানবাগ শরিফের প্রথম জামাত, তেজগাঁও চ্যানেল আইসংলগ্ন জামে মসজিদের প্রথম জামাত, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, পল্লীমা সংসদ ময়দান, বংশাল বড় জামে মসজিদ।
৮টা ১৫ মিনিট: পলাশী সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ভবনের সামনের মাঠে।
সাড়ে ৮টা: কমলাপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, পশ্চিম করাতিটোলা স্বামীবাগ জামে মসজিদ, মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়্যেবিয়ার প্রথম জামাত, নীলক্ষেতের মরিয়ম বিবি শাহী মসজিদের প্রথম জামাত, গেন্ডারিয়া বায়তুল মা’মুর মসজিদ, মিরপুর ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ, লক্ষ্মীবাজারের নূরানী জামে মসজিদ, লালমাটিয়ার মসজিদ-এ-বায়তুল হারাম, বারিধারা বাইতুল আতীক কেন্দ্রীয় জামে মসজিদ, আম্বরশাহ শাহী জামে মসজিদ, সরকারি তিতুমীর কলেজ মাঠ, হাজারীবাগ পার্ক মাঠে দ্বিতীয় জামাত, ফার্মগেটের বায়তুশ শরফ মসজিদ, কলাবাগান বশিরউদ্দিন রোড জামে মসজিদ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ।
৮টা ৪৫ মিনিট: পুরান ঢাকার দক্ষিণ মুহসেন্দী বড় জামে মসজিদ।
সকাল ৯টা: পুরান ঢাকার আরমানিটোলা মাঠ, গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার মাঠে, দেওয়ানবাগ শরিফের দ্বিতীয় জামাত, মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ার প্রথম জামাত, বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির মাঠ।
সাড়ে ৯টা: মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়্যেবিয়ার দ্বিতীয় জামাত, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জামাত, দেওয়ানবাগ শরিফের তৃতীয় জামাত।
সকাল ১০টায়: নীলক্ষেতের মরিয়ম বিবি শাহী মসজিদের দ্বিতীয় জামাত, মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ার প্রথম জামাত।
সাড়ে ১০টা: বনানী চেয়ারম্যানবাড়ি মাঠ।
পৌনে ১২টায়: তেজগাঁও চ্যানেল আইসংলগ্ন জামে মসজিদের দ্বিতীয় জামাত।
এছাড়া অন্য বিভাগীয় শহরগুলোতেও আলাদাভাবে ঈদের সময়সূচি নির্ধারণ করেছে নগর কর্তৃপক্ষ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/০৯৫৭ ঘ.
bdnews24