২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বৃষ্টি মাথায় ঈদ জামাত

ভোররাত থেকেই দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি; তার মধ্যেই নতুন পাঞ্জাবি আর টুপি পড়ে ঈদের জামাতে শামিল হয়েছেন নানা বয়সের, নানা শ্রেণী পেশার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 04:55 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

আবু সুফিয়ান ও মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোররাত থেকেই দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি; তার মধ্যেই নতুন পাঞ্জাবি আর টুপি পড়ে ঈদের জামাতে শামিল হয়েছেন নানা বয়সের, নানা শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন কোলাকুলিতে। এক মাস সংযম পালনের পর সোমবার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করছে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়। রাজধানীতে এবার ঈদের প্রধান জামাত হয়েছে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মসজিদে। ঢাকায় ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাতটি হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, সকাল ৭টায়। এছাড়া সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১১টায় বায়তুল মোকাররমে আরো চারটি জামাত হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মন্ত্রী পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ঈদের নামাজ পড়েছেন জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদগাহে নামাজ পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুহম্মদ সালাহউদ্দিন। ঈদের নামাজ শেষে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত হয়। অন্যবছর জাতীয় ঈদগাহের জামাত ময়দান ছাড়িয়ে আশেপাশের রাস্তায় বিস্তৃতি পেলেও এবার বৃষ্টির কারণে তা হয়নি। অবশ্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বৃষ্টির বিষয়টি মাথায় রেখে ময়দানে দুই লাখ ৫৭ হাজার ২০৭ বর্গফুট বৃষ্টি প্রতিরোধক ত্রিপলসহ শামিয়ানা টানানোর ব্যবস্থা করে। প্রধান ঈদ জামাত নির্বিঘ্ন করতে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন স্থানে বসানো হয় ক্লোজড সার্কিট ক্যামেরা। কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রাখা হয় অ্যাম্বুলেন্সসহ একটি ‘মেডিকেল টিম’। জাতীয় ঈদগাহ এলাকায় বসানো হয় একটি সাব-পুলিশ কন্ট্রোল রুম। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীর ৯০টি ওয়ার্ডে মোট ৩৬০টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদসহ মোট ৩৬১টি স্থানে ঈদের জামাত হয়েছে এবার। ঈদ উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রাতে থাকছে আলোকসজ্জার ব্যবস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এএসটি/এমএমআর/জেকে/১০৪৫ ঘ.