ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গুলশানে নিজের বাসায় ঈদ পালন করবেন। দলটির অধিকাংশ জ্যেষ্ঠ নেতাই ঈদ উদযাপন করতে চলে গেছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়।
খালেদা জিয়া ঈদের দিন বেলা ১২টায় কূটনীতিক, নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এই অনুষ্ঠান হবে। এরপর দুপুর ২টায় তিনি শেরেবাংলা নগরে স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।
রাতে বিরোধী দলীয় নেতার বাসায় তার পরিবারের সদস্যসহ জ্যেষ্ঠ নেতাদের যাওয়ার কথা রয়েছে।
ঢাকায় অবস্থারত নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরায়, মওদুদ আহমদ গুলশান, এম শামসুল ইসলাম বারিধারায়, মাহবুবুর রহমান বনানী, মির্জা আব্বাস শাহজাহানপুর, নজরুল ইসলাম খান মিরপুর, সাদেক হোসেন খোকা ও শমসের মবিন চৌধুরী গুলশানে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
দলের অপর জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন সকালে দাউদকান্দিতে নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করে ইস্কাটনে বিরোধী দলীয় নেতার ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে যোগ দেবেন। স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম যশোরে নিজের নির্বাচনী এলাকায় ঈদ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৮৫৮ ঘ.
bdnews24