নেত্রকোনা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খ্যাতিমান লেখক যতীন সরকারের ৭৭তম জন্মদিন পালিত হয়েছে শনিবার।
নেত্রকোনা শহরে নিজ বাসভবন বানপ্রস্থে তার জন্মদিন পালন করে যতীন সরকারের ৭৭তম জন্মদিন উদযাপন কমিটি।
বিকাল সাড়ে ৫টায় লেখককে পুষ্পবর্ষণের মাধ্যমে বরণ করার পর কেক কাটা হয়।
এ সময় যতীন সরকারকে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, নেত্রকোনা পৌর মেয়র প্রশান্ত কুমার রায়সহ সিপিবি, উদীচীসহ বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠন ও কবি-সাহিত্যিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক স্বপন পালের সভাপতিত্বে যতীন সরকারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা হয়।
আলোচনায় লেখক আলী আহাম্মদ খান আইয়োব বলেন, যতীন সরকার পঞ্চাশের দশকে মার্কসবাদের দীক্ষা নেন কমরেড জ্যোতিষ বোস ও অজয় রায়ের কাছে।
জন্মদিন উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, যতীন সরকার ইতিহাস আর সাহিত্যের আলোচনায় মস্তিষ্কভিত্তিক মনোবিজ্ঞানের সৃজনশীল প্রয়োগ ঘটিয়ে মধ্যবিত্ত ও কৃষক চৈতন্যের অনেক অজানা দিক তুলে ধরেছেন।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম চন্দপাড়ায় ১৯৩৬ সালের ১৮ অগাস্ট এক দরিদ্র পরিবারে জন্ম যতীন সরকারের।
১৯৫৪ সালে মেট্রিকুলেশন এবং ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ব বিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ পাশ করেন। ১৯৬৪ থেকে ২০০২ সাল পর্যন্ত ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন।
বর্তমানে স্ত্রী কাননবালা সরকারসহ নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় বানপ্রস্থ বাসভবনে বসবাস করছেন।
সাহিত্যের কাছে প্রত্যাশা, পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন, মানবধর্ম ও সমাজ বিপ্লব, নিয়তিবাদ ও বিজ্ঞান চেতনাসহ তার ৩০টি বই প্রকাশিত হয়েছে।
তিনি স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১১ ঘ.
bdnews24