২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রী পরিবহনে বিশৃঙ্খলার আশঙ্কা হাবের

এবার বিমান বাংলাদেশ এয়ালাইন্স ও সৌদি আরবের বিমান পরিবহন সংস্থার বাইরে তৃতীয় কোনো বিমান সংস্থা বা থার্ড ক্যারিয়ার না রাখায় হজ যাত্রী পরিবহনে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে হজ এজেন্সিগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 11:09 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার বিমান বাংলাদেশ এয়ালাইন্স ও সৌদি আরবের বিমান পরিবহন সংস্থার বাইরে তৃতীয় কোনো বিমান সংস্থা বা থার্ড ক্যারিয়ার না রাখায় হজ যাত্রী পরিবহনে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে হজ এজেন্সিগুলো। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) শতকরা ১০ ভাগ যাত্রী তৃতীয় কোনো বিমান সংস্থার মাধ্যমে পরিবহনের জন্য সরকারের কাছে সুপারিশ করলেও মন্ত্রণালয় বলছে, সিদ্ধান্ত আর পরিবর্তন করা হবে না। সৌদি আরবের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স এবং সৌদি আরবেরই আরেক সংস্থা নাস এয়ার এবার বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করবে। এই তিন সংস্থার মাধ্যমে হজযাত্রী পরিবহনের পরিকল্পনা চূড়ান্ত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১২ অগাস্ট ফ্লাইটসূচিও প্রকাশ করেছে। সরকারি তথ্য অনুযায়ী, এ বছর মোট এক লাখ ১২ হাজার ৫৬৮ জন বাংলাদেশ থেকে হজে যাবেন। এর অর্ধেকই (৫৬ হাজার ৬শ যাত্রী) যাবেন বাংলাদেশ বিমানের ফ্লাইটে। এজন্য বিমান প্রায় ৬০ হাজার যাত্রী পরিবহনের প্রস্তুতি চূড়ান্ত করেছে। হাব সভাপতি জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর হজ যাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার না রাখায় আমরা শঙ্কিত। গত ৯ অগাস্ট আমরা তৃতীয় বিমান সংস্থা রাখার বিষয়ে বেসামরিক বিমান মন্ত্রণালয়কে একটি সুপারিশ দিয়েছি। কিন্তু মন্ত্রণালয় তাতে সাড়া দেয়নি।” তৃতীয় বিমান সংস্থা না থাকায় কি ধরনের সমস্যা হতে পারে জানতে চাইলে জামাল বলেন, “এ বছর হজ মৌসুমে সৌদি আরবে শীত থাকবে। বাজে আবহাওয়া কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে যদি ফ্লাইট বাতিল হয়ে যায় সে ক্ষেত্রে পুরো সূচি এলোমেলো হয়ে যাবে। অনেকেরই হজে যাওয়া অনিশ্চিত হয়ে যেতে পারে।” অন্যদিকে নাস এয়ারকে হজ যাত্রী পরিবহনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন জামাল। “গত বছর নাস এয়ারের অনিয়মের কারণে হজ যাত্রীদের চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হয়েছে। এ কারণে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নাস এয়ারকে কালো তালিকাভুক্তও করেছিল।” “এ বছরও যদি তাদের কারণে সমস্যা হয়- তার দায় দায়িত্ব কে নেবে”, প্রশ্ন করেন তিনি। জামাল উদ্দিনের বক্তব্যের সঙ্গে একমত বিমানের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহেদুল আলমও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হজ যাত্রী পরিবহনের জন্য বিমান যে উড়োজাহাজগুলো ভাড়া করতে চেয়েছিল- তা এখনো পাওয়া যায়নি বলে আমরা জানতে পেরেছি। এ অবস্থায় বিমানকে নিজস্ব ক্যাপাসিটিতেই হজযাত্রী পরিবহন করতে হবে। সে ক্ষেত্রে নিয়মিত ফ্লাইটসূচির কী হবে?” “বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭ উড়োজাহাজগুলো দিয়ে সাধারণত ইউরোপে যাত্রী পরিবহন করা হয়। এখন এসব বিমান দিয়ে যদি হজযাত্রী পরিবহন করা হয়, সেক্ষেত্রে ইউরোপে যাত্রী হারাতে হবে। একইসঙ্গে ভয়াবহ শিডিউল বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে” যোগ করেন তিনি। এছাড়া বোয়িং ৭৪৭ উড়োজাহাজের তুলনায় বোয়িং ৭৭৭ এর যাত্রীধারণ ক্ষমতা কম হওয়ায় হজ যাত্রী পরিবহনের ক্ষেত্রে একটি ‘ঘোলাটে পরিস্থতি’ তৈরি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। ওয়াহেদুল আলম বলেন, “তৃতীয় বিমান সংস্থাকে যাত্রী পরিবহনের দায়িত্ব দেওয়া হলে প্রত্যেক ফ্লাইট থেকে বিমান রয়্যালিটি বাবদ অর্থ পেত। এখন আর তাও সম্ভব হবে না।” এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. আতাহরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “সিদ্ধান্ত যা নেওয়ার তা নেওয়া হয়ে গেছে। এ বছর কোনো থার্ড ক্যারিয়ার থাকছে না। বিমানের প্রস্তুতিও হয়ে গেছে।” হজ এজেন্সিগুলোর আশঙ্কার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “তারা অনেক কিছু নিয়েই সংশয় প্রকাশ করে। থার্ড ক্যারিয়ার নিয়ে অন্য কোনো পরিকল্পনা সরকারের নেই।” নাস এয়ারের বিষয়ে তিনি বলেন, “এটা সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের সিদ্ধান্ত, আমাদের এক্ষেত্রে কিছু করার নেই।” মন্ত্রণালয়ের ঘোষিত ফ্লাইট সূচি অনুসারে বিমান আগামী ১৭ সেপ্টেম্বর ভোর ৫টায় ৫৮২ জন যাত্রী নিয়ে প্রথম হজফ্লাইট চালাবে। শেষ হবে ২২ অক্টোবর। একইদিন সকাল সাড়ে ৯টায় যাত্রা করবে ন্যাশনাল এয়ার সার্ভিসের (নাস এয়ার) আরেকটি ফ্লাইট। আর ২১ সেপ্টেম্বর বেলা একটা থেকে হজযাত্রী পরিবহন শুরু করবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। বিমান ফিরতি ফ্লাইট শুরু করবে ১ নভেম্বর। শেষ হবে আগামী ২৯ নভেম্বর। নাস এয়ারের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ অক্টোরব, শেষ হবে ২৮ নভেম্বর। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স হজ পরবর্তী ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ অক্টোবর এবং শেষ হবে ৩০ নভেম্বর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হজ যাত্রী পরিবহনের জন্য পাঁচশরও বেশি যাত্রী ধারণে সক্ষম ৩টি উড়োজাহাজ ভাড়া আনার পরিকল্পনা করেছে বিমান। এগুলোর পাশাপাশি নিজস্ব একটি ডিসি-১০ ও দুটি বোয়িং-৭৭৭ দিয়ে সাধারণ যাত্রীর পাশাপাশি হজ যাত্রী পরিবহন করা হবে। এর মধ্যে ডিসি-১০ এর আসন সংখ্যা ৩১৪, বোয়িং-৭৭৭ এর আসন সংখ্যা ৪১৯টি। চলতি বছর সৌদি সরকার হজ মৌসুমে আসা যাওয়ার জন্য ২১৩ টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বিমানকে। এর মধ্যে ১১০টি যাওয়ার এবং ১০৩টি আসার জন্য। বর্তমানে বিমান বহরে থাকা একটি ডিসি-১০, একটি এয়ারবাস, দুটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর এবং ভাড়ায় আনা দুটি বোয়িং ৭৩৭ ও একটি বোয়িং ৭৪৭ দিয়ে যাত্রী আনা নেওয়া করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৭০৭ ঘ.