২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় কুমিল্লায় ফের দীর্ঘ যানজট

ঈদের আগে দাউদকান্দিতে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। এর ফলে সৃষ্ট যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থাকা যাত্রীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 10:43 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

কুমিল্লা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দিতে একটি দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ঈদের এই সময়ে বাড়িমুখী যাত্রীরা। বৃহস্পতিবার সকালে জিংলাতলী এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের পর দেড় ঘণ্টা মহাসড়কে চলাচল বন্ধ থাকে বলে পুলিশ জানিয়েছে। এরপর কুমিল্লার চান্দিনা উপজেলার আড়িখলা থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইনে গাড়িগুলো চলছে থেমে থেমে। কার্যত ঈদের ছুটির প্রথম দিন বুধবারও গাড়ির চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। জিংলাতলী এলাকায় দুর্ঘটনায় নিহত হন ট্রাকচালক মো. লিটন মিয়া (৪০)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের কাজি মমিন উল্লাহর ছেলে। মহাসড়ক পুলিশের দাউদকান্দি থানার উপপরিদর্শক মেহেদী হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে জিংলাতলী গ্রামের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারীকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিটন মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি মহাসড়কের ওপরে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ি দুটি রেকার দিয়ে সরিয়ে নিলে সকাল ৯টার দিকে যান চলাচল শুরু হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মেহেদী। ঈদের কয়েকদিন আগে গাড়ির চাপ বেশি থাকায় কুমিল্লার গৌরীপুর ও নিমসার বাজার এলাকায় কিছু সময় পরপরই যাসজট হচ্ছে। এর পাশাপাশি মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করায় তাও যানজট সৃষ্টি করছে। মেঘনা-গোমতী সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাহবুব কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেতু দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যেখানে মিনিটে উভয় দিকে একশ’ গাড়ি পার হত, সেখানে ৫০টি গাড়ি পার হচ্ছে। “সেতু দুটি ঝুঁকিপুর্ণ হওয়ায় এর ওপর দিয়ে কোনো যানবাহন যাতে ওভারটেক করতে না পারে সেজন্য সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণ করছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৮৩৫ ঘ.