নওগাঁ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নওগাঁর মহাদেবপুরে ডাকাতির সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার প্রথম প্রহরে উপজেলা সদরের কলেজ পাড়া থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাগধানার ইসরাাইল হোসেন (৪৫) মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটায় মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাগধানা সুদেবপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
অপর গ্রেপ্তারকৃতরা হলেন, একই জেলা শিবগঞ্জ উপজেলার সাররশিয়া মনকশা গ্রামের মৃত সেতার উদ্দিনের ছেলে সুধির পাহান (৪০) ও মহাদেবপুর উপজেলার সুজাইলহাট মাদিশহর গ্রামের মৃত তিলক চাঁনের ছেলে আবুল হোসেন (৫০)।
মহাদেবপুর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে ভোরে কলেজ পাড়ার কাঁচু বাবুর বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকে।
বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে থানায় ফোন করে।
“থানা থেকে পুলিশ গিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।”
“ডাকাতরা পাল্টা হাত বোমা ছুঁড়তে গিয়ে তা বিস্ফোরিত হয়ে তিন ডাকাত আহত হয়।”
আহত ডাকাতদের গ্রেপ্তার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৮০৬ ঘ.
bdnews24