কুমিল্লা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারটি দুর্ঘটনার কারণে এই যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।
ময়নামতি হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বুধবার সকাল ৬টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় চট্টগ্রামগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে যানজটের শুরু হয়।
“রেকার এনে লরিটি সরানোর পর দুপুর দেড়টায় কুমিল্লা সেনানিবাসের ১নং গেটের কাছে আরেকটি লরি বিকল হয়ে গেলে যানজট বাড়তে থাকে।”
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাছান জানান, দাউদকান্দির গোমতি সেতুর ওপর দুপুর ১টায় একটি ট্রাক ও দুপুর সোয়া ২টায় একটি বাস বিকল হলে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে দাউদকান্দির গোমতী সেতু পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
এদিকে বুধবারই জাতীয় শোক দিবস ও ঈদের ছুটি শুরু হওয়ায় ঘরমুখো যাত্রীরা রোজার মধ্যে যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন বলেন, “ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক বাহন মহাসড়কে নেমেছে। ফলে পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৫৩১ ঘ.
bdnews24