কক্সবাজার, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় এক পাল বন্য হাতির আক্রমণে এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন।
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নে বুধবার ভোরে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দোছড়ি উত্তরকূল গ্রামের মাজু মিয়ার ছেলে আলী আহমদ (৫০) এবং একই এলাকার আবদুল হাকিমের স্ত্রী আমেনা বেগম ওরফে কাকলী (২৪)।
কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, ফজরের নামাজের পর এক পাল হাতি লোকালয়ে ঢুকে পড়ে এবং উত্তরকূল গ্রামে বসতবাড়িতে আক্রমণ চালায়। এতে অন্তত ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ওই সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলী আহমদ ও কাকলী। আহত হন আরো তিন জন।
আহতরা হলেন- কালা মিয়ার ছেলে শাহজাহান (৩৫), ইলিয়াছের স্ত্রী আসমা খাতুন (৪০) ও আবু শামার স্ত্রী দিলমাজ খাতুন (৭০)। এদের মধ্যে আসমা ও দিলমাজকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চেয়ারম্যান জানান।
তিনি বলেন, “স্থানীয়দের চেষ্টায় অধিকাংশ হাতি বনে ফিরে গেছে। কিন্তু দুটি হাতি এখনো লোকালয়ে রয়েছে। স্থানীয় বন কর্মীরা ফাঁকা গুলি ছুড়েও তাদের তাড়াতে পারেননি।”
ওই এলাকার কিছু অংশের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবী চন্দ বলেন, হাতির আক্রমণে হতাহতের খবর শুনে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৫০৩ ঘ.
bdnews24