২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে সরগরম টাঙ্গাইলের তাঁতপল্লী

ঈদ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতীদের মধ্যে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। তাঁতপল্লীতে দিনরাত খটাখট শব্দই বলে দিচ্ছে জেলার প্রায় ১০ হাজার তাঁতশিল্পী মেতে আছেন কাপড় বোনার প্রাতিযোগিতায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 07:06 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

কে এস রহমান শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি টাঙ্গাইল, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতীদের মধ্যে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। তাঁতপল্লীতে দিনরাত খটাখট শব্দই বলে দিচ্ছে জেলার প্রায় ১০ হাজার তাঁতশিল্পী মেতে আছেন কাপড় বোনার প্রাতিযোগিতায়। টাঙ্গাইলের তাঁতের শাড়ির চাহিদা এমনিতেই বেশি। ঈদের মওসুমে তাঁত মালিকরা দামও পাচ্ছেন ভাল। ফলে জেলার প্রধান দুটি তাঁত বাজার পৌর এলাকার বাজিতপুর আর করটিয়ার সাপ্তাহিক হাটে এখন সারা দেশের ব্যবসায়ীদের উপচে পড়া ভিড়। ঈদের পরপরই রয়েছে দুর্গা পূজা। ফলে কাজ তুলে নিতে বেতন-বোনাসের বাইরে শ্রমিকদের নানা উপহারও দিচ্ছেন তাঁত মালিকরা। তাঁত ব্যবসায়ী মন্টু বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ ও দুর্গা পূজা সামনে রেখে তিনি বিভিন্ন ‘ডিজাইনের’ শাড়ি তৈরি করিয়েছেন। এর মধ্যে সিল্ক, জামদানি, দোতারি, তসরও রয়েছে। তবে বাজারে সিল্ক আর সুতির চাহিদাই বেশি বলে মন্টু বসাক জানালেন। সিল্কের শাড়ি সাড়ে ৩ হাজার থেকে ১২ হাজার টাকা, নেট জুট সাড়ে ১০ হাজার টাকা, বাহার শাড়ি সাড়ে ১৬ হাজার টাকা, কটন জুট আড়াই হাজার টাকা, টিস্যু সিল্ক সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের চেয়ে এবার শাড়ির দাম ২৫০ থেকে ৫০০ টাকা বেড়েছে বলে মন্টু বসাক জানান। টাঙ্গাইল শাড়ি ও তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির আহ্বায়ক রতন বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এবার সুতোর দাম বেড়ে যাওয়ায় শাড়ির দামও একটু বাড়তির দিকে। ব্যবসায়ীদের লাভ কম হচ্ছে। ঈদকে কেন্দ্র করে দেশি বাজারেই সব মাল যাচ্ছে। তবে ঈদের পর ভারতীয়, বিশেষ করে কলকাতার ব্যবসায়ীরা এখানে কাপড় কিনতে আসবেন।” এ খাতে স্বল্প সুদে ঋণ পেলে তাঁত মালিকদের ব্যবসা সম্প্রসারণে সুবিধা হতো বলেও তিনি মন্তব্য করেন। জেলার প্রধান তাঁত বাজার পৌর এলাকার বাজিতপুরের হাট বসে শুক্রবারে আর করটিয়ার সাপ্তাহিক হাট মঙ্গল ও বুধবার। আশপাশের জেলা থেকে অনেক গৃহিণীও পরিবারের লোকজন নিয়ে এখানে কাপড় কিনতে আসেন। দেলদুয়ার উপজেলার নলশোঁধা, পাথরাইল, নলুয়া, বড়টিয়া, চিনাখোলা, মঙ্গলহোড় ও কালিহাতী উপজেলার বিভিন্ন তাঁতপল্লী ঘুরে দেখা যায়, শুধু পুরুষরাই নন, বাড়ির নারীরাও এ কাজে শ্রম দিচ্ছেন। বরিশাল থেকে কাপড় কিনতে আসা পাইকার রাইজ উদ্দিন জানান, বাজিতপুর হাটে অনেক নকশার কাপড় সরাসরি তাঁতীদের কাছ থেকে ‘সুলভ মূল্যে’ পাওয়া যায়। এ হাট থেকেই পাইকাররা কাপড় কিনে জেলায় জেলায় খুচরা দোকানে বিক্রি করেন। তবে এবার সুতার দাম বেশি বলে টাঙ্গাইলের তাঁতের শাড়ির দামও একটু বেশি বলে জানান এ ব্যবসায়ী। নাটোর থেকে আসা আকরাম খান ও কালু শেখ জানান, দাম বেশি হলেও টাঙ্গাইলের শাড়ির কদর রয়েছে। প্রতি সপ্তাহে তারা এই হাট থেকে ৫-৬ হাজার শাড়ি কেনেন। রাজধানীর ধানমন্ডি থেকে নিজের পরিবারের সদস্যদের জন্য কাপড় কিনতে টাঙ্গাইলে আসা রোজি বেগম জানান, ঈদে পরিবারের মেয়েদের জন্য শাড়ি কিনতে এসেছেন তিনি। এখানে তাঁতীদের কাছ থেকে সরাসরি পছন্দ করে কাপড় কেনা যায়। তবে এবার শাড়ির দাম একটু বেশি বলে জানান এই গৃহিণী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১২৫৫ ঘ.