ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণকে ক্ষমতায়িত না করতে পারলে শুধু বঙ্গবন্ধুকে স্মরণ করায় কোনো তাৎপর্য নেই বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
আকবর আলি বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ আজ দেশ থেকে নির্বাসিত। দেশের জনগণকে ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে না পারলে বঙ্গবন্ধুকে স্মরণ করার কোনো তাৎপর্য নেই।”
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ সম্বন্ধে তিনি বলেন, “এটি শুধু অসমাপ্ত আত্মজীবনী নয়, অসমাপ্ত জীবনের কথামালাও বটে। বাংলার প্রমিথিউস শেখ মুজিবের সংগ্রামী জীবন ও কর্মের একটি ছাপচিত্র এই আত্মজীবনী। অকপট আত্মসমালোচনা এই আত্মজীবনীর প্রামাণ্যতা বৃদ্ধি করেছে।”
“মানুষের প্রতি নিরঙ্কুশ ভালোবাসার প্রমাণ এই বইয়ের সর্বত্র ব্যাপ্ত। নিজের সবলতা-দুর্বলতা উভয়ই বঙ্গবন্ধু এই বইয়ে তুলে ধরেছেন,” যোগ করেন তিনি।
বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক আতাউস সামাদ, সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হলেও এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশি¬ষ্ট দেশি-বিদেশি চক্রান্তের মুখোশ আজও উন্মোচিত হয়নি। এই হত্যাকাণ্ডের গোপন দলিলপত্র অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করা জরুরি।”
আত্মজীবনী গ্রন্থ সম্বন্ধে তিনি বলেন, “বঙ্গবন্ধু যে ইন্দ্রজালিক ক্ষমতা দিয়ে জনগণের মধ্যে থেকে, জনগণকে সঙ্গে নিয়ে এবং জনগণের মুক্তির জন্য সংগ্রাম করেছেন তার নেপথ্য ইতিহাস এই আত্মজীবনীতে পাওয়া যাবে। এই বইয়ের মধ্যে একজন জাতীয়তাবাদী, আদর্শবাদী মানুষের মানসবিবর্তনও সনাক্ত করা সম্ভব হবে।”
আতাউস সামাদ বলেন, “অসমাপ্ত আত্মজীবনী আবিষ্কার একটি ঐতিহাসিক ঘটনা। আজন্ম সংগ্রামী মানুষটির অবয়ব এ বইটি পাঠের মধ্য দিয়ে স্পষ্ট হবে। রাষ্ট্র-দল ও রাজনীতির উর্ধ্বে মানুষ শেখ মুজিব এই আত্মজীবনীতে বড় হয়ে দেখা দিয়েছে।”
বিকালে আলোচনা সভার আগে সকালে একাডেমীর সেমিনার কক্ষে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক শিশু-কিশোর বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ক-শাখায় ৩৪জন এবং খ-শাখায় ৩২জন প্রতিযোগী অংশ নেয়। ক-শাখায় প্রথম স্থান অধিকার করে মাহিমা রহমান (রিন্তু) এবং খ-শাখায় প্রথম স্থান অধিকার করে সানজিদা রশীদ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেককে স্মারক পুরস্কার হিসেবে বাংলা একাডেমীর বই দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/০০৪৪ ঘ.
bdnews24