২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাংবাদিকের সঙ্গে ট্রাফিক পুলিশের দুর্ব্যবহার

নগরীর নিউমার্কেট মোড়ে এক সাংবাদিকের সঙ্গে ট্রাফিক পুলিশ অশোভন আচরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 05:39 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নিউমার্কেট মোড়ে এক সাংবাদিকের সঙ্গে ট্রাফিক পুলিশ অশোভন আচরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ট্রাফিক পুলিশের ‘অন্যায়ের’ প্রতিবাদ করায় মঙ্গলবার দুপুরে নূরুন্নবী নামে একজন কনস্টেবল ও একজন সার্জেন্ট তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক পংকজ দস্তিদার। পংকজ দস্তিদার বর্তমানে জাতীয় ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে কর্মরত। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে তিনি নগরীর আগ্রাবাদ থেকে সিটি সার্ভিসের একটি বাসযোগে নিউমার্কেট এলাকায় যান। এসময় নিউমার্কেট মোড়ের একপ্রান্তে ট্রাফিক সিগন্যালের কারণে তাকে বহনকারী বাসটিসহ বেশকিছু যানবাহন আটকে থাকে। কিন্তু ওই সময় অন্য একটি গাড়িকে যাওয়ার অনুমতি দেন কনস্টেবল নূরুন্নবী। পংকজ দস্তিদার অভিযোগ করেন, তিনি বাস থেকে নেমে এ ঘটনার প্রতিবাদ জানালে কনস্টেবল নূরুন্নবী ক্ষুব্ধ হয়ে উঠেন। তিনি বিষয়টি কর্তব্যরত সার্জেন্টকে অবহিত করলে সার্জেন্টও তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এসময় কনস্টেবল তাকে গালিগালাজ করেন ও ধাক্কা দেন বলেও অভিযোগ করেন পংকজ। খবর পেয়ে নগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) উত্তম কুমার পাল ঘটনাস্থলে এসে পংকজ দস্তিদারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে কনস্টেবলকে তিরস্কার করেন। পরে পংকজ দস্তিদার নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার এবং উপ-কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ানের সঙ্গে দেখা করে এ বিষয়ে অভিযোগ করেন। নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান বলেন, “একজন ট্রাফিক কনস্টেবলের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে বলে উনি (পংকজ দস্তিদার) অভিযোগ করেছেন। আমি ওই কনস্টেবলকে তলব করেছি। এ অভিযোগের বিষয়ে তার কাছে জানতে চাইব। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২৩২৮ ঘ.