২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় তেলের ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ার বিসিক শিল্প নগরীতে মঙ্গলবার ফার্নেস অয়েলের ট্যাংকে নেমে ‘বিষক্রিয়ায়’ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 04:53 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

কুষ্টিয়া, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার বিসিক শিল্প নগরীতে মঙ্গলবার ফার্নেস অয়েলের ট্যাংকে নেমে ‘বিষক্রিয়ায়’ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এরা হলেন মেহেদী হাসান সোহাগ (৩২), রিপন (২৫) ও মিন্টু (৪৬)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার দৌলতপুরের কাশিমপুর মেঘনা পেট্রোলিয়াম থেকে আসা লরি ভর্তি ফার্নেস অয়েল বিআরবি গ্র“পের প্রতিষ্ঠান কিয়াম মেটাল ইন্ডাস্ট্রির ফুয়েল ডিপোতে আনলোড করা হচ্ছিল। এ সময় শ্রমিক সোহাগ লরির ট্যাংকের মধ্যে নামার পর উঠে না আসায় পর্যায়ক্রমে আরো দুই শ্রমিক রিপন ও মিন্টুও ট্যাংকে নামেন। কিন্তু তারাও না ওঠায় আরেকটি লরির চালক হাবিবের সন্দেহ হয়। তিনি কিয়াম মেটালের অন্য শ্রমিকদের নিয়ে ট্যাংকের মধ্যে টর্চের আলো ফেলে তিন শ্রমিককে মৃত দেখতে পান। বিষয়টি কুষ্টিয়া ফায়ার সার্ভিসে জানানো হলে তারা এসে ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এনামূল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফার্নেস অয়েলের বিষক্রিয়ায় এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, ফার্নেস অয়েল আনলোড করার সময় ট্যাংকের ভেতর বিষক্রিয়ায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তিন শ্রমিকের মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সোহাগ খুলনার উত্তর খালিশপুরের সিরাজুল ইসলামের ছেলে। বাকি দু’জনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৯ ঘ.