কুড়িগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত আরো পাঁচজন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হেমেরকুঠি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত লুৎফর রহমান (৩৫) হেমেরকুটি গ্রামের ছম্বিল আলীর ছেলে।
কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল ইসলাম জানান, হেমেরকুঠি গ্রামের ছয়ফুল আলীর ও ছম্বিল আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে এ নিয়ে দুইপক্ষ মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত লুৎফরকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ওসি।
আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭১৪ ঘ.
bdnews24