২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগের সড়কে অনড় মেডিকেলে ভর্তিচ্ছুরা

প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় শাহবাগ হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে জিপিএর ভিত্তিতে ভর্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে হাই কোর্ট রুল জারি করলেও দাবি আদায়ে অনড় রয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মঙ্গলবার শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা বলছে, সন্ধ্যার মধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে কেউ গিয়ে তাদের আশ্বস্ত না করলে সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করবে তারা। এদিকে বেলা সোয়া ১টা থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় শাহবাগ হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে শাহবাগ থেকে মতিঝিল, ফার্মগেট ও সায়েন্স ল্যাবরেটরির দিকের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরীক্ষা পদ্ধতি বাদ দিয়ে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে মেডিকেল ও ডেন্টালে ভর্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে মঙ্গলবার দুপুরে এই রুল জারি করে হাই কোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এর জবাব দিতে বলা হয়। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, চার সপ্তাহ অনেক দীর্ঘ সময়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও এগিয়ে এসেছে। এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাদের পরীক্ষার সুযোগ দিতে হবে। এর আগে দুপুরে মেডিকেলে ভর্তিতে পরীক্ষা পদ্ধতি পুনর্বহালের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয় তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন। সচিবালয় থেকে ফিরে এসে প্রতিনিধি দলের সদস্য ফারজানা আক্তার বলেন, “স্বাস্থ্যমন্ত্রী তাদের বলেছেন, “বিষয়টি এখন আদালতে উঠেছে। আদালত যে সিদ্ধান্ত দেয় সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। “কিন্তু আমরা জানিয়েছি, আদালত যে সিদ্ধান্তই দিক না কেন মেডিকেলে ভর্তিতে পরীক্ষা পদ্ধতি পুনর্বহাল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।” এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে প্রায় দেড় ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। এতে পুরানা পল্টন থেকে শাহবাগ ও হাই কোর্টের দিকে যান চলাচল বন্ধ থাকে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করার পর প্রায় তিনশ শিক্ষার্থী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, “স্বাস্থ্য অধিদপ্তদরের মহাপরিচালক বলেছেন, মেডিকেলে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে পরীক্ষা নেওয়াটা ঝামেলাপূর্ণ। আর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এসএসসি ও এইচএসসির মেধাকে প্রকৃত মূল্যায়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিলের কারণ নিয়ে তারা নিজেরাই দ্বিধাগ্রস্ত।” ইশতিয়াক বলেন, দেশের বিভিন্ন বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র মূল্যায়নে ভিন্নতা রয়েছে। তাই এ পরীক্ষার ভিত্তিতে মেডিকেলে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হলে তা বৈষম্য সৃষ্টি করবে। এতে মেধাবীরা বঞ্চিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ, অবস্থান ও সড়ক অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। এতোদিন মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে পরীক্ষা হলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক রোববার জানান, চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, দিনাজপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ভর্তি পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের এই বিক্ষোভে ‘কোচিং সেন্টারগুলোর ইন্ধন’ রয়েছে। সোমবার বিক্ষোভের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার কাছে তথ্য আছে যে কোচিং সেন্টারগুলো ছাত্রদের বিক্ষোভে নামাচ্ছে। তারা পুরাতন পদ্ধতি ফিরিয়ে আনার কথা বলে ছাত্রদের মাঠে নামাচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৫৫৬ ঘ.