রংপুর, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রংপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে এসিড মেরেছে এক দুর্বৃত্ত।
সোমবার রাতে নগরীর দক্ষিণ বাবু খাঁ মহল্লায় মাসুদা আখতার মনিকে (১৪) এসিড ছুড়ে মারা হয়। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মনির মা সুলেখা পারভীনের অভিযোগ, একই মহল্লার আরিফুল ইসলাম নামে এক যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে রাত ১০টার দিকে তাদের ঘরে ঢুকে মনিকে এসিড মারে।
তিনি বলেন, “আরিফুল প্রায়ই স্কুলে যাওয়া-আসার পথে মনিকে উত্যক্ত করতো। মনিকে বিভিন্ন সময় প্রেম নিবেদন করেছে। কিন্তু আরিফুরের প্রস্তাবে সায় না দেওয়ায় সে মনিকে এসিড নিক্ষেপ করে।”
“এ ঘটনায় থানায় মামলা করলে এবং সাংবাদিকদের কাছে তার নাম বললে মা ও মেয়ে দুজনকেই খুন করা হবে বলেও শাসিয়ে যায় আরিফুল”, যোগ করেন সুলেখা।
মনি রংপুর নগরীর সমাজকল্যাণ বিদ্যাবিথি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। স্বামী মারা যাওয়ায় দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেন সুলেখা পারভীন।
মনির বড় ভাই আমিনুল ইসলাম বলেন, তার ছোট বোনকে উত্যক্ত করার বিষয়ে আরিফুলের অভিভাবকদের কাছে বেশ কয়েকবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি।
এ বিষয়ে কোতয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, এসিড নিক্ষেপকারী আরিফুল ও তার সঙ্গীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তবে এ ব্যাপারে এখনো থানায় কেউ মামলা করতে আসেনি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৩১৫ ঘ.
bdnews24