ঢাকা, অগাস্ট ১৩, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেক প্রতারণার মামলায় জিএমজি এয়ারলাইন্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে তলব করেছে ঢাকার একটি আদালত।
সোমবার বাংলাদেশ বেসামরিক চলাচল বিমান চলাচল কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ সাইফুর রহমান আগামী ১৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুস সাত্তার এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাহাব সাত্তারকে তলব করেছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হিসাব বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এ মামলা করেন।
মামলা দায়ের ও আসামিদের তলবের এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বাদী প্রতিষ্ঠানের আইনজীবী জয়ন্ত কুমার বিশ্বাস।
ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা এ মামলার আরজিতে বলা হয়, বিমানবন্দর ব্যবহার করার জন্য গত ১০ মে পাওনা হিসেবে ৩ কোটি টাকার একটি চেক বাদীর প্রতিষ্ঠানকে দেন আসামিরা। চেকটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের। নগদায়নের জন্য তা গত ৩ জুন সোনালি ব্যাংক, কুর্মিটোলা শাখার কর্তৃপক্ষের হিসাব নম্বরে জমা দেওয়া হলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ফেরৎ আসে।
গত ১৭ জুন এ ঘটনা অবহিত করা হলেও আসামিরা কোনও ব্যবস্থা না করায় গত ২৪ জুন তারিখে আইনি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যা ২৭ জুন একটি বাংলা এবং ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তির পর গত ২৪ জুলাই আসামিরা ১০ অগাস্টের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দিলে তা দেননি বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২১১২ ঘ.
bdnews24