মানিকগঞ্জ/ফরিদপুর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে স্থানে দুর্ঘটনায় এক বছর আগে মারা গিয়েছিলেন তারেক মাসুদ ও মিশুক মুনীর, সেই স্থানে মহাসড়কের পাশে দুজনের স্মরণে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।
সোমবার দুপুরে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই স্মৃতিফলক উদ্বোধন করেন।
২০১১ সালের ১৩ অগাস্ট ওই স্থানে দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন। তারেক মাসুদের নির্মিতব্য চলচ্চিত্র কাগজের ফুলের শুটিংয়ের স্থান দেখতে গিয়েছিলেন তারা। একটি বাসের ধাক্কায় তারা নিহত হন।
তারেক-মিশুক স্মৃতি পর্ষদ নামের একটি সংগঠনের উদ্যোগে জোকায় এই স্মৃতিফলক নির্মাণ করা হয়।
স্মৃতিফলক উদ্বোধনের আগে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিহতদের স্মরণে এক আলোচনা সভা হয়। এতে নাসিরউদ্দিন ইউসুফ ও ক্যাথরিন মাসুদ ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, মানবাধিকার সংগঠক খুশী কবির, ওই দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢালী আল-মামুনের স্ত্রী দিলারা জামান জলি, তারেক মাসুদের ছোটভাই নাহিদ প্রমুখ।
এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে তারেক মাসুদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আধা ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে নূরপুর গ্রামে তারেক মাসুদের সমাধিতে ফুল দেয় তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পর্ষদ। সেখানে স্মরণ সভাও হয় বলে জানিয়েছেন তারেক মাসুদের ছোট ভাই হাবিবুর রহমান বাবু।
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুসহ অন্যরা এই অনুষ্ঠানেও যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৯২০ ঘ.
bdnews24