চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সাবেক এক শিপিং মাস্টারের স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার নগরীর ডবলমুরিং থানায় সরকারি সমুদ্র পরিবহন অফিস, আগ্রাবাদের সাবেক শিপিং মাস্টার শেখ আলী আম্বিয়ার স্ত্রী দেলোয়ারা বেগমের বিরুদ্ধে এ মামলা হয়।
সম্পত্তির তথ্য গোপন, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কমিশনের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক শফিউল আলম এই মামলা করেছেন।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মর্জিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তির দখল ও মালিকানা অর্জন এবং তথ্য গোপন করার অভিযোগে এই মামলা হয়েছে।
মামলায় দেলোয়ারার বিরুদ্ধে ৫ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪৮৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ২৮ লাখ ৪২ হাজার ২৬৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
মেরিন ডিগ্রিধারীদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের বিদেশি জাহাজের বিভিন্ন পদে চাকরি দেওয়ার অভিযোগে গত ১১ জুলাই দুদক আলী আম্বিয়াসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করে দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এমআই/১৭৫৭ ঘ.
bdnews24