কুড়িগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি জলমহাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো সাতজন আহত হয়েছেন।
সোমবার ভুরুঙ্গামারীর পাটেশ্বরী জলমহাল দখলকে কেন্দ্র করে পাটেশ্বরী ছড়া মৎস্য উন্নয়ন এবং ব্যবস্থাপনা কমিটি এবং ভূমি মালিক সমিতির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত হাবিবুর রহমান (৫৮) পাইকের ছড়া গ্রামে বাসিন্দা। তিনি ভূমি মারিক সমিতির পক্ষে ছিলেন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার ওসি আহসান হাবিব জানান, পাটেশ্বরী জলমহলের মালিকানা নিয়ে ভূমি মালিক সমিতি ও পাটেশ্বরী ছড়া মৎস্য উন্নয়ন এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে।
ভুমি মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জলমহলটি তারা ভোগ দখল করতো।
“সম্প্রতি লিজ নেওয়ার দাবি করে মৎস্য উন্নয়ন সমিতি সভাপতি সিরাজুল হকের নেতৃত্বে জলমহল দখলের চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টাও করা হয়।”
তবে সোমবার দুপুরে মৎস্য উন্নয়ন সমিতির সদস্যরা জলমহল দখল করে মাছ ধরতে গেলে ভুমি মালিক পক্ষ বাধা দেয়।
এ সময় সংঘর্ষে ঘটনাস্থলেই হাবিবুরের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৭৫০ ঘ.
bdnews24