ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, তাকে হত্যার হুমকি দেওয়া হলেও কোনো কাজ বন্ধ থাকবে না।
মোবাইলে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করার তিন দিন পর সোমবার রাজধানীতে এক সেমিনারে মিজানুর রহমান বলেন, “বারবার হত্যার হুমকি দেওয়া হলেও কমিশনের কেউ কোনো কাজ করতে দ্বিধাবোধ করব না।”
যুদ্ধাপরাধের বিচার নিয়ে কথা বলায় এ হুমকি দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গত ১০ অগাস্ট মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক মিজানুরকে সাতদিনের মধ্যে মেরে ফেলা হবে বলে মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে।
মিজানুরকে হত্যায় একটি বুলেট প্রস্তুত রাখা হয়েছে এবং শত চেষ্টা করেও তিনি নিজেকে রক্ষা করতে পারবেন না বলে তার মোবাইলে পাঠানো এসএমএসে উল্লেখ করা হয়েছে। ওই দিনই বিষয়টি র্যাব ও পুলিশকে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
তিনি সেমিনারে বলেন, “কারো ব্যবসার ক্ষতি হলে হুমকি দেওয়া হলে, আইন লঙ্ঘন করে কাউকে কাজ করতে না দিলে এবং দুর্নীতি করে যারা মানুষের অধিকার হরণ করতে চায় তাদের বিরুদ্ধে কথা বললে হত্যার হুমকি দেওয়া হলেও মানবাধিকার কমিশন দায়িত্ব পালন করে যাবে। শুদ্ধভাবে আমাদের আসনে থাকব, কোনো শৈথিল্য দেখবেন না।”
জনগণকে সঙ্গে নিয়ে তাদের ‘মানবাধিকার ও অধিকার’ রক্ষায় সব সময় কাজ করে যাওয়ারও ঘোষণা দেন তিনি।
রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ক এই সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহসান জাকির ভূমিকম্পের মাত্রা ও ক্ষয়ক্ষতির ধরন এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণ ও দুর্যোগকালে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
তিনি বলেন, “ঢাকায় অধিকাংশ ভবন বিল্ডিং কোড না মেনেই নির্মাণ করা হচ্ছে। বড় ধরনের ভূমিকম্প হলে ঢাকায় বহু মানুষ হতাহত হবে। তাই ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।”
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে নারী, শিশু, বৃদ্ধ ও দরিদ্ররাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
প্রাকৃতিক দুর্যোগের পর সংশ্লিষ্ট এলাকায় মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেসবা-উল-আলম ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/জেকে/১৬০০ ঘ.
bdnews24