ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিনের তিন সদস্যকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
রোববার দ্রুতবিচার আদালত-৪ এর বিচারক মো. মোতাহের হোসেন এই দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলেন- মুহতাসিম বিল্লাহ, মমিন ভুঁইয়া ওরফে মিজান ও মো. মইন উদ্দিন। রায়ের সময় তিনজনই আদালতে ছিলেন।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি তিনজনেক ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরো এক বছর কারাভোগ করতে হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. সালাহউদ্দিন নামে মামলার বাকি আসামিকে খালাস দেওয়া হয়।
২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি র্যাবের একটি দল আসামিদের গাজীপুর থেকে দুটি গ্রেনেড এবং বিস্ফোরকসহ গ্রেপ্তার করে। ওই দিনই তাদের বিরুদ্ধে মামলা হয়।
২০০৯ সালের সেপ্টেম্বরে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/০১১৯ ঘ.
bdnews24